ঢাকার মালিবাগ এলাকা থেকে নিখোঁজ হয়েছেন নাইমুর রহমান সিফাত (২৯) নামের এক যুবক। পরিবার জানায়, গত ১৯ জুলাই সন্ধ্যায় ল্যাপটপ সার্ভিসিংয়ের জন্য বাসা থেকে বেরিয়ে যাওয়ার পর থেকে আর কোনও খোঁজ পাওয়া যায়নি তার। নিখোঁজের ১৩ দিন পেরিয়ে গেলেও এখনও তার সন্ধান মেলেনি।
শুক্রবার (১ আগস্ট) জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে নিখোঁজ সিফাতের পরিবার ও বন্ধুরা। এসময় উপস্থিত ছিলেন নাঈমুর রহমান সিফাতের বাবা মোহাম্মদ নুরনবী, সিফাতের সহধর্মিনী আঞ্জুমান জারা। সিফাতকে দ্রুত ফিরে পেতে সবার সহযোগিতা চান তার পরিবার।
পরিবারের ভাষ্যমতে, ওই দিন সন্ধ্যায় সিফাত তার স্ত্রীকে ফোন করে জানান, ‘আমি এখন মালিবাগে আছি।’ এটাই ছিল পরিবারের সঙ্গে সিফাতের শেষ কথা। এরপর থেকে তার মোবাইল ফোন বন্ধ এবং তিনি পুরোপুরি নিখোঁজ। সিফাত মালিবাগ থেকে ঢাকার মাল্টিপ্লান মার্কেটের একটি ল্যাপটপ সার্ভিসিং দোকানে যাওয়ার কথা বলে বাসা থেকে বের হন। কাজ শেষে বাসায় ফেরার কথা থাকলেও আর ফেরেনি। নিখোঁজের পরদিনই পরিবার দুটি অচেনা নম্বর থেকে ফোন পায়, যেখানে বলা হয় সিফাতকে অপহরণ করা হয়েছে এবং মুক্তিপণ দাবি করা হয়। অপহরণকারীরা নগদের মাধ্যমে ১৬ হাজার টাকা পাঠাতে বলেন, যা পরিবার দ্রুত পাঠিয়েও দেয়। তবে টাকা পাঠানোর পর থেকে সেই নম্বর দুটি বন্ধ পাওয়া যাচ্ছে। পরিবার এরপর খিলগাঁও থানায় সাধারণ ডায়েরি (জিডি) করে এবং বিভিন্ন জায়গায় খোঁজ নিলেও এখনও পর্যন্ত কোনও অগ্রগতি নেই।
মানববন্ধনে সিফাতের কথা বলতে গিয়ে বারবার ভেঙ্গে পড়েন স্ত্রী আঞ্জুমান জারা। কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, ‘সিফাত খুব শান্ত স্বভাবের ও দায়িত্বশীল মানুষ। হঠাৎ এভাবে নিখোঁজ হয়ে যাওয়া আমাদের জন্য এক দুঃস্বপ্ন। আমরা মানসিকভাবে ভেঙে পড়েছি। আমার আকুল আবেদন আমার স্বামীকে ফিরিয়ে দিন। আমাদের দুশ্চিন্তায় দিন কাটছে। আমরা আইনশৃঙ্খলা বাহিনীর কাছে আবেদন করছি, আপনারা সিফাতকে উদ্ধার করুন।’
তিনি বলেন, ‘নিখোঁজের পরের দিন দুই মোবাইল নম্বর থেকে ফোন দিয়ে সিফাতের অপহরণের কথা বলে মুক্তিপণ চাওয়া হয়। মুক্তিপণ হিসেবে দাবি করা ১৬ হাজার টাকা নগদের মাধ্যমে অপহরণকারীদের দেওয়া নম্বরে পাঠানো হয়। তবে ঘটনাটি পুলিশকে জানানোর পর থেকে ওই নম্বরগুলো বন্ধ পাওয়া যাচ্ছে। নিখোঁজের পরপরই তারা স্থানীয় থানায় সাধারণ ডায়েরি করেছেন এবং পরিচিত জায়গাগুলোতে খোঁজখবর নিয়েছেন। তবে এখনও পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি।’
পরিবারের সদস্যরা জানান, নাইমুর রহমান সিফাতের বাড়ি নোয়াখালীর চাটখিল উপজেলার খিলপাড়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে। বর্তমানে তিনি তার স্ত্রীসহ ঢাকার খিলগাঁওয়ের তিলপাপাড়ায় বসবাস করছিলেন।









