জুলাই আন্দোলন চলাকালে মানবতা বিরোধী অপরাধের মামলায় গ্রেফতার রমনা ট্রাফিক বিভাগের সাবেক অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) শচীন মৌলিককে কারাগারে পাঠানো হয়েছে।
শুক্রবার (২২ আগস্ট) শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহর আদালত এই আদেশ দেন।
ডিএমপির প্রসিকিউশন বিভাগের উপ-পুলিশ কমিশনার তারেক জুবায়ের এই তথ্য জানান।
এ দিন তাকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার তদন্তকারী কর্মকর্তা মুহাম্মদ আলমগীর সরকার। আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
আটক রাখার আবেদনে বলা হয়, ২০২৪ সালের ৪ আগস্ট তেজগাঁও থানাধীন ফার্মগেটে কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউতে বাবুল টাওয়ার ও আনন্দ সিনেমা হলের পূর্ব পাশে ফুটওভার ব্রিজের নিচে পাকা রাস্তার ওপর ও কারওয়ান পর্যন্ত এবং আশপাশের এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে নিরীহ ছাত্র-জনতার ওপর শচীন মৌলিক মরণাস্ত্র ব্যবহার করে মানবতাবিরোধী অপরাধের সঙ্গে সম্পৃক্ত মর্মে প্রাথমিকভাবে তথ্য প্রমাণ পাওয়া যায়। যা ধারায় মানবতা বিরোধী অপরাধ।
এর আগে ২১ আগস্ট খাগড়াছড়ির মহালছড়ি থেকে ডিবি পুলিশের সদস্যরা শচীন মৌলিককে গ্রেফতার করে। শচীন মৌলিক খাগড়াছড়ির মহালছড়ি-৬ এপিবিএনে অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে সংযুক্ত ছিলেন।









