রাজধানী যাত্রাবাড়ী থেকে হানি ট্র্যাপ সদস্যের দুই সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (২৯ মার্চ) শনির আখড়া ও গোবিন্দপুর এলাকায় অভিযান চালিয়ে ওই দু’জনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, আ. গাফ্ফার সরকার (৪৫) ও শিরিন আক্তার ওরফে সুমাইয়া (২৫)। গ্রেফতারের সময় তাদের কাছ থেকে ৬৭ হাজার টাকা জব্দ করা হয়। পুলিশের দাবি, জব্দকৃত অর্থ এক ব্যবসায়ীকে হানি ট্র্যাপে ফেলে নেওয়া।
এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে ডিএমপির মিডিয়া বিভাগ।
ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৫ মার্চ যাত্রাবাড়ী থানাধীন গোবিন্দপুর এলাকায় নূর মসজিদ সংলগ্ন একটি বাসায় পূর্বপরিকল্পিতভাবে এক ব্যবসায়ীকে ফাঁদে ফেলে মারধর ও ভয়ভীতি দেখিয়ে করে তার কাছ থেকে মোট দুই লাখ ৫৯ হাজার ৭০০ টাকা হাতিয়ে নেয় একটি সংঘবদ্ধ চক্র।
পূর্ব পরিচয়ের সূত্র ধরে শিরিন আক্তার ওরফে সুমাইয়া ভুক্তভোগীকে দেখা করার কথা বলে শনির আখড়া এলাকায় ডেকে নেয়। পরে তাকে কৌশলে একটি বাসায় নিয়ে যাওয়া হয়। সেখানে পূর্বপরিকল্পিতভাবে আরও কয়েকজন সহযোগী ঢুকে তাকে মারধর করে এবং আপত্তিকর ভিডিও ধারণের মাধ্যমে ব্ল্যাকমেইল করে টাকা আদায় করে।
এ ঘটনায় যাত্রাবাড়ী থানা পুলিশ আজ তথ্যপ্রযুক্তির সহায়তায় শনির আখড়া ও গোবিন্দপুর এলাকায় অভিযান চালিয়ে চক্রের মূল দুই সদস্যকে গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে ৬৭ হাজার টাকা জব্দ করা হয়।
এই চক্রের অন্যান্য সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে এবং বাকি অর্থ উদ্ধারের চেষ্টা চলছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।









