রাজধানী ঢাকার ইতিহাস, ঐতিহ্য ও সাংস্কৃতিক নিদর্শন নাগরিকদের সামনে তুলে ধরার পাশাপাশি নগরের প্রতি মমত্ববোধ ও দায়িত্বশীলতা বাড়াতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ‘ঢাকা হেরিটেজ রান’।
শনিবার (১৫ আগস্ট) রাজধানীর ৪১৬ বছর পূর্তি এবং ১ আগস্ট ‘ঢাকা দিবস’ উপলক্ষে আয়োজিত মাসব্যাপী ‘হৃদয়ে ঢাকা ৪১৬’ উৎসবের অংশ হিসেবে এ আয়োজন করা হয়।
রাজধানীর মতিঝিল শাপলা চত্বর থেকে শুরু হওয়া হেরিটেজ রানের উদ্বোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। বিশেষ অতিথি ছিলেন ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিএসসিসির প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।
হেরিটেজ রানে এক হাজারের বেশি নাগরিক অংশ নেন। মতিঝিল শাপলা চত্বর থেকে শুরু হয়ে র্যালিটি কাকরাইল মোড়, রমনা, শাহবাগ মোড়, কাটাবন মোড়, ঢাকা বিশ্ববিদ্যালয়, পলাশী মোড়, লালবাগ কেল্লা, শহিদনগর মোড় হয়ে সোয়ারিঘাট লঞ্চঘাটে গিয়ে শেষ হয়। অংশগ্রহণকারী প্রত্যেক রানারকে ডিএসসিসির পক্ষ থেকে পদক ও সনদ দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক বলেন, নতুন বাংলাদেশ গড়ে তুলতে প্রধানমন্ত্রী খেলাধুলার পাশাপাশি দেশের ইতিহাস ও ঐতিহ্য সংরক্ষণের ওপরও গুরুত্ব দিয়েছেন।
তিনি বলেন, ঐতিহ্যকে ধারণ করে ডিএসসিসির প্রশাসক যে উদ্যোগ নিয়েছেন, তা যথাযথ। এ ধরনের আয়োজনের মাধ্যমে নতুন প্রজন্মের কাছে ঢাকার ইতিহাস ও ঐতিহ্য আরও পরিচিত হয়ে উঠবে।
সভাপতির বক্তব্যে ডিএসসিসির প্রশাসক মো. আবদুস সালাম বলেন, আমার মূল উদ্দেশ্য ছিল আমার শহর ঢাকা, যাকে নিয়ে আমার গর্ব করা উচিত। আজকের হেরিটেজ রানে অংশ নিয়ে আপনারা ঢাকার বিভিন্ন এলাকার বাস্তব চিত্র দেখেছেন। কোথাও ভালো রাস্তা, কোথাও ভাঙাচোরা, কোথাও বৃষ্টিতে কর্দমাক্ত—এটাই ঢাকার বাস্তবতা। এই বাস্তবতার মধ্যেই নগরবাসীর জীবনযাত্রা আরও সুন্দর করতে হবে।
তিনি বলেন, পরিচ্ছন্নতার কোনও বিকল্প নেই। নগরবাসী যত্রতত্র ময়লা না ফেললে এবং ব্যবসায়ী ও বাসিন্দারা সহযোগিতা করলে ঢাকাকে আরও সুন্দর রাখা সম্ভব। সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীদেরও নিজেদের দায়িত্ব অনুযায়ী সর্বোচ্চ সেবা নিশ্চিত করতে হবে।
প্রথমবারের মতো এ আয়োজন করা হয়েছে জানিয়ে ডিএসসিসি প্রশাসক বলেন, প্রথম আয়োজনে কিছু ভুলত্রুটি থাকতেই পারে। পরবর্তী সময়ে সেগুলো সংশোধন করে প্রতিবছর এ ধরনের আয়োজন করা হবে। পুরান ঢাকাকে পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তোলার পাশাপাশি সাইকেল চালানোর জন্য আলাদা লেন এবং হাঁটা ও দৌড়ের উপযোগী পথ তৈরির পরিকল্পনাও রয়েছে।
আব্দুস সালাম বলেন, আমার দায়িত্ব আমি পালন করব, আপনার দায়িত্ব আপনি পালন করবেন। সবাই নিজ নিজ দায়িত্ব পালন করলে এই ঢাকা শহর আরও সুন্দর হয়ে উঠবে। আসুন, দেখি—এটাই আমার ঢাকা শহর। এই শহরেই আমাকে থাকতে হবে, তাই শহরটাকে আরও সুন্দর করতে হবে।
‘হৃদয়ে ঢাকা ৪১৬’ উৎসবে যা থাকছে
মাসব্যাপী এ উৎসবে ঢাকার ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতিকে কেন্দ্র করে নানা আয়োজন থাকছে।
১৬-২২ আগস্ট: সূত্রাপুরের জহির রায়হান সাংস্কৃতিক কেন্দ্র মিলনায়তনে ঢাকাকে নিয়ে নির্মিত মঞ্চনাটক ও নাট্যোৎসব।
২১ আগস্ট: খোলামোড়া ঘাট থেকে ওয়াইজ ঘাট পর্যন্ত ঐতিহ্যবাহী নৌকাবাইচ। একই দিন সদরঘাটে শত বছরের পুরোনো বিশেষ হেরিটেজ ক্রুজে পর্যটকদের ভ্রমণের আয়োজন থাকবে।
২২ আগস্ট: মধুমিতা সিনেমা হলে ঢাকাকে নিয়ে নির্মিত পুরোনো চলচ্চিত্র প্রদর্শন।
২১-৩০ আগস্ট: ঢাকার বিপণিবিতানে ‘দ্য গ্রেট ঢাকা সেল’ এবং নাগরিকদের কাছ থেকে ঢাকার প্রতি আবেগ ও ভালোবাসার চিঠি আহ্বান করে ‘লাভ লেটার টু ঢাকা’ আয়োজন।
২১-২৮ আগস্ট: শিল্পকলা একাডেমিতে ঢাকাকে নিয়ে নির্মিত মঞ্চনাটক।
২৩-২৯ আগস্ট: বাংলাদেশ টেলিভিশনে ঢাকাকে নিয়ে নির্মিত পুরোনো নাটক ও অন্যান্য অনুষ্ঠান সম্প্রচার।
২৪ আগস্ট: উত্তর ধানমন্ডির জয়নুল হক শিকদার মহিলা মেডিকেল কলেজ ও হাসপাতালের হেলিপ্যাড থেকে হেলিকপ্টারের মাধ্যমে ‘পাখির চোখে হৃদয়ে ঢাকা’ প্রদর্শন।
২৮ আগস্ট: লক্ষ্মীবাজার থেকে নগর ভবন পর্যন্ত ঘোড়ার গাড়ি, রিকশা, ভিনটেজ গাড়ি ও পালকিসহ শোভাযাত্রা।
২৯ আগস্ট: বিকেল ৪টায় লালবাগ কেল্লায় উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন হওয়ার কথা রয়েছে। একই সঙ্গে ‘ক্লিন সিটি, গ্রিন সিটি’ বাস্তবায়নে বিশেষ পরিচ্ছন্নতা, মশক নিধন ও বৃক্ষরোপণ কর্মসূচির সূচনা করা হবে।
৩০ আগস্ট: লালবাগ কেল্লায় ঘুড়ি উৎসব, বিশেষ ‘ঢাকা আড্ডা’ এবং সন্ধ্যায় ঐতিহ্যবাহী কাওয়ালিসহ সাংস্কৃতিক অনুষ্ঠান।
১ সেপ্টেম্বর: শিল্পকলা একাডেমিতে শিশু ও বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ এবং দেশের খ্যাতিমান চিত্রশিল্পীদের অংশগ্রহণে উন্মুক্ত আর্ট ক্যাম্প।
৫ সেপ্টেম্বর: আলমগঞ্জ জেটিতে পুরান ঢাকার পঞ্চায়েতি আড্ডা।
‘হৃদয়ে ঢাকা ৪১৬’ উৎসবের মাধ্যমে নাগরিকদের ঢাকার ইতিহাস ও ঐতিহ্যের সঙ্গে আরও গভীরভাবে যুক্ত হওয়ার পাশাপাশি নগরকে পরিচ্ছন্ন, সবুজ ও বাসযোগ্য করে তুলতে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানিয়েছে ডিএসসিসি।









