রাজধানীর বাড্ডা এলাকার সাঁতারকুলে একটি ফার্নিচারের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে বর্তমানে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট কাজ করছে।
রবিবার (৬ সেপ্টেম্বর ) সকাল ৮টা ৫৫ মিনিটে সাতারকুলে একটি ফার্নিচারের গোডাউনে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয় ফায়ার সার্ভিসের দল এবং সকাল ৯টা ১৯ মিনিটে তারা পৌঁছায়।
ফায়ার সার্ভিসের সদরদফতর থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
সদরদফতর জানায়, আগুন নিয়ন্ত্রণে আনতে বারিধারা ফায়ার স্টেশনের দুটি ইউনিট কাজ শুরু করে। আগুনের তীব্রতা বিবেচনায় পরে পূর্বাচল ফায়ার স্টেশন থেকে আরও দুটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছে।
শেষ খবর পাওয়া পর্যন্ত ফায়ার সার্ভিসের কর্মীদের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চলছে। তবে প্রাথমিকভাবে আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত কোনও হতাহতের খবরও পাওয়া যায়নি।









