ময়মনসিংহ-১ আসনের (হালুয়াঘাট-ধোবাউড়া) উপ-নির্বাচনে জুয়েল আরেং এবং ময়মনসিংহ-৩ আসনের (গৌরীপুর) উপ-নির্বাচনে নাজিম উদ্দিন আহমেদকে সংসদ সদস্য পদে আওয়ামী লীগের মনোনয়ন দেওয়া হয়েছে। বৃহস্পতিবার দলের পার্লামেন্টারি বোর্ডের এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের দফতর সম্পাদক আবদুস সোবহান গোলাপ।
বোর্ডের সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগ সভাপতি ও সংসদীয় বোর্ডের সভাপতি, প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সমাজকল্যাণ প্রতিমন্ত্রী অ্যাডভোকেট প্রমোদ মানকিনের মৃত্যুতে ময়মনসিংহ-১ এবং ক্যাপ্টেন (অব.) মজিবর রহমান ফকিরের মৃত্যুতে ময়মনসিংহ-৩ আসনটি শূন্য হয়। নির্বাচন কমিশন (ইসি) ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১৮ জুলাই শূন্য আসন দু’টিতে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
হালুয়াঘাট-ধোবাউড়া আসনে মনোনয়ন পাওয়া জুয়েল আরেং প্রয়াত প্রমোদ মানকিনের ছেলে এবং গৌরীপুর আসনে মনোনয়ন পাওয়া নাজিম উদ্দিন আহমেদ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি। এর আগে নাজিম উদ্দিন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন, তখন বৃহত্তর ময়মনসিংহ জেলা ছাত্রলীগের সভাপতি ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম।
/পিএইচসি/এমএনএইচ/








