চলমান বন্যার কারণে স্থগিত থাকা ১৬টি জেলা, উপজেলা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনের তারিখ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। ঘোষিত সময় অনুযায়ী আগামী ২৪ সেপ্টেম্বর এসব এলাকায় ভোটগ্রহণ করা হবে। রবিবার আগারগাঁওস্থ নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে ইসির ভারপ্রাপ্ত সচিব হেলালুদ্দীন আহমদ সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।
ইসি সচিব বলেন, ‘বন্যার কারণে যে নির্বাচনগুলো বন্ধ করা হয়েছিল, সেগুলোতে আগামী ২৪ সেপ্টেম্বর ভোটগ্রহণের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন।’
জানা যায়, জেলা পরিষদ, উপজেলা ও ইউনিয়ন পরিষদের এসব নির্বাচন হওয়ার কথা ছিল গত ২০ আগস্ট। কিন্তুর বন্যার কারণে ইসি গত ১৬ আগস্ট এসব নির্বাচন স্থগিত ঘোষণা করে।
স্থানীয় পরিষদের যেসব প্রতিষ্ঠানের এই নির্বাচন হবে সেগুলো হলো—চট্টগ্রাম জেলার নবগঠিত কর্ণফুলী উপজেলা পরিষদের সাধারণ নির্বাচন, চারটি ইউপির সাধারণ নির্বাচন, সাতটি ইউপির উপ নির্বাচন, একটি ইউপি’র চেয়ারম্যান পদে পুনঃনির্বাচন ও জেলা পরিষদের তিনটি ওয়ার্ডের সাধারণ নির্বাচন।








