যোগ্যদের ভোটার হতে উদ্বুদ্ধ করতে ভোটার দিবস পালন করার উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন। বছরের একটি নির্দিষ্ট দিনকে ভোটার দিবস ঘোষণা করে কমিশন তা পালন করবে। সোমবার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে ইসির ভারপ্রাপ্ত সচিব হেলালুদ্দীন আহমদ সাংবাদিকদের এ উদ্যোগের কথা জানান।
পৃথিবীর অন্যান্য অনেক দেশে ভোটার দিবস পালন করা হয় উল্লেখ করে ইসির সচিব হেলালুদ্দীন আহমদ বলেন, ‘বছরের একটি দিনে ভোটার দিবস পালন করা হবে। ভোটার হওয়ার যোগ্য নাগরিকদের আগ্রহ সৃষ্টি করার জন্য দিবসটি পালন করা হবে।’
এজন্য কোনও নির্দিষ্ট দিন ঠিক করা হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘আজ এ বিষয়ে প্রাথমিক আলোচনা হয়েছে। এখনও নির্দিষ্ট কোনওদিন ঠিক করা হয়নি। আমরা পরে দিন ঠিক করে কমিশন সভার সিদ্ধান্তের জন্য উপস্থাপন করবো।’
সচিব আরও জানান, যাদের জাতীয় পরিচয়পত্র হারিয়ে গেছে বা নষ্ট হয়ে গেছে, তাদের কষ্ট করে আর ঢাকায় আসতে হবে না। এজন্য নির্বাচন কমিশনের দশটি আঞ্চলিক নির্বাচন অফিসে প্রিন্ট করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। যাতে জনগণের হয়রানি লাঘব হয়। এই ক্ষেত্রে শুধু হারানো বা নষ্ট হওয়াগুলো সেখানে প্রিন্ট করা হবে। যেগুলোতে কোনও সংশোধন নেই শুধুমাত্র সেগুলোই মাঠপর্যায়ে প্রিন্ট করা হবে।
তিনি জানান, যে সমস্ত আইন কাজে লাগে না তা বাদ দেওয়া যায় কিনা বা কোনও বাড়তি কিছু নতুন যোগ করা যায় কিনা এবং বিভিন্ন আইনের সংকলন তৈরির জন্য দু’টি কমিটি গঠন করা হয়েছে। তা নিয়েও বৈঠকে আলোচনা হয়েছে।
সোমবার কমিশন দি ফোরাম অব ইলেকশন ম্যানেজমেন্ট বডিস অব সাউথ এশিয়া (ফেমবোসা) সম্মেলন নিয়ে আলোচনা হয় বলে ইসি সচিব জানান। সার্কভূক্ত ৮টি দেশের প্রধান নির্বাচন কমিশনারসহ অন্যান্য কমিশনারদের নিয়ে গঠিত ফেমবোসার পরবর্তী সম্মেলন আগামী বছরের আগস্টের শেষ বা সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে বাংলাদেশে অনুষ্ঠিত হবে।








