পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন, দেশে শান্তি, স্থিতিশীলতা ও উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে আগামী নির্বাচনে আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে হবে। এজন্য ভোট দিতে হবে নৌকায়। স্বাধীনতাবিরোধী শক্তি পুনরায় ক্ষমতায় এলে দেশের উন্নয়ন বাধাগ্রস্ত হবে।
বুধবার (২৬ এপ্রিল) মৌলভীবাজারের বড়লেখা উপজেলা পরিষদ মিলনায়তনে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিনের ঐচ্ছিক তহবিলের অনুদানের চেক এবং ক্রীড়াসামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে মন্ত্রী বড়লেখা উপজেলার জনগণের মাঝে প্রায় ৩৭ লাখ টাকার চেক বিতরণ করেন।
পরিবেশমন্ত্রী বলেন, ‘বর্তমান সরকার জঙ্গি ও সন্ত্রাস নির্মূল করে দেশে শান্তি প্রতিষ্ঠা করেছে। পদ্মা সেতুসহ অনেক মেগা প্রকল্প বাস্তবায়ন হয়েছে। এ সরকার আসার পর পাকা হয়েছে সব রাস্তা।’
ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার বিশ্বে বাংলাদেশকে উন্নয়নের রোল মডেল হিসেবে প্রতিষ্ঠিত করেছে মন্তব্য করে তিনি বলেন, ‘মাদ্রাসাসহ সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠানে নির্মাণ করা হয়েছে আধুনিক পাকা ভবন। ২৬ হাজার ১৯৩টি প্রাথমিক বিদ্যালয় সরকারিকরণ করা হয়েছে। শিক্ষকদের বেতন বৃদ্ধি পেয়েছে। ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেওয়া হচ্ছে।’
বড়লেখা উপজেলা নির্বাহী অফিসার সুনজিত কুমার চন্দের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ছিলেন– বড়লেখা উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. তাজউদ্দীন এবং সাবেক ভাইস চেয়ারম্যান বিবেকানন্দ দাস প্রমুখ।









