আশ্রয়কেন্দ্রে প্রয়োজনীয় সুবিধা নিশ্চিতের কথা উল্লেখ করে পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব নাজমুল আহসান বলেছেন, আকস্মিক বন্যায় বিপদগ্রস্ত জনগণকে সর্বোচ্চ সেবা দিতে হবে। বন্যায় মানুষের দুর্ভোগ দূর করতে কোনও অবহেলা হলে বা কোনও কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেলে তদন্ত সাপেক্ষে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণের কথাও জানান তিনি।
বন্যা মোকাবিলায় বৃহস্পতিবার (২২ আগস্ট) পানি সম্পদ মন্ত্রণালয়ে অনুষ্ঠিত জরুরি প্রস্তুতিমূলক সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন পানি সম্পদ সচিব। এ সময় শিক্ষার্থী, সেনাবাহিনী, স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করতে পানিসম্পদ মন্ত্রণালয়ের অধীন দফতরগুলোর কর্মকর্তাদের প্রতি নির্দেশনা দেন তিনি।
পানি সম্পদ সচিব বলেন, ‘বন্যাকবলিত জনগণকে উদ্ধারে পর্যাপ্ত নৌযানের ব্যবস্থা করতে হবে, প্রয়োজনে নৌযান ভাড়া করতে হবে। তারুণ্যের শক্তি কাজে লাগিয়ে স্থানীয় পর্যায়ের মানুষের পরামর্শ মতো সার্বক্ষণিকভাবে কাজ করতে হবে।’
মাঠ পর্যায়ের বন্যাকবলিত এলাকার নির্বাহী প্রকৌশলীদের কাছে সার্বিক বন্যা পরিস্থিতির খোঁজ-খবর নেন এবং সবাইকে বন্যা মোকাবিলায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন সচিব।
সভায় পানিসম্পদ মন্ত্রণালয় ও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা অংশ নেন। বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বন্যাকবলিত এলাকার কর্মকর্তারা ভার্চুয়ালি সংযুক্ত ছিলেন।









