নারায়ণগঞ্জের রূপগঞ্জে হাতি দিয়ে চাঁদাবাজি করার সময় নির্যাতিত একটি হাতি উদ্ধার করেছে বন বিভাগ। পাশাপাশি মাহুতকেও আটক করা হয়েছে।
শনিবার (৩১ আগস্ট) বন বিভাগ জানায়, হাতিটির নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছিল। শুক্রবার (৩০ আগস্ট) বন অধিদফতরের দুটি টিম সারা দিন তল্লাশি চালায়। তারা নারায়ণগঞ্জের রূপগঞ্জে হাতিটি দিয়ে চাঁদাবাজি করতে দেখে। সন্ধ্যার পর বন বিভাগের উপস্থিতি টের পেয়ে মাহুত হাতিটি ছেড়ে পালানোর চেষ্টা করে। তবে, বন বিভাগের সদস্যরা স্থানীয়দের সহায়তায় তাকে আটক করে। সারারাত খোঁজাখুঁজি করেও হাতিটি পাওয়া যায়নি।
অবশেষে, শনিবার দুপুরে একটি হাউজিং প্রকল্পের ঘাস বনে হাতিটি পাওয়া যায়। পরে হাতিটিকে ট্রাকে করে গাজীপুর সাফারি পার্কে নিয়ে যাওয়া হয়।
এর আগে, বৃহস্পতিবার (২৯ আগস্ট) কুমিল্লা থেকে আরেকটি হাতি উদ্ধার করা হয়েছিল। সেটিও নির্যাতনের শিকার ছিল এবং চাঁদাবাজিতে বাধ্য করা হচ্ছিল।
সাফারি পার্কের কর্মকর্তারা জানান, এই দুই হাতির মাহুতেরা পরস্পর পরিচিত ছিল। উদ্ধার হওয়া হাতি দুটির কোনও লাইসেন্স পাওয়া যায়নি। মাহুতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তারা।









