বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর মাতা এবং হাইকোর্ট বিভাগের সাবেক বিচারপতি মরহুম এ.এফ.এম. আব্দুর রহমান চৌধুরীর স্ত্রী বেগম সিতারা চৌধুরী বুধবার (৬ আগস্ট) রাত আনুমানিক সাড়ে ১১টায় রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বৃহস্পতিবার (৭ আগস্ট) সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা গেছে, মরহুমা বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৮ বছর।
তার মৃত্যুতে বাংলাদেশের প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ গভীর শোক প্রকাশ করেছেন এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা জ্ঞাপন করেছেন।
বেগম সিতারা চৌধুরী তার বর্ণাঢ্য জীবনে পরিবার ও সমাজে অগণিত স্নেহধন্য ও গুণাগ্রহী রেখে গিয়েছেন। তিনি দুই ছেলে ও দুই মেয়ের জননী ছিলেন। তার জ্যেষ্ঠ পুত্র বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী বর্তমানে আপিল বিভাগের বিচারপতি হিসেবে নিযুক্ত আছেন। ছোলে ড. রিয়াজুর রহমান চৌধুরী ঢাকা বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগের অধ্যাপক।









