বাংলা ট্রিবিউনে প্রকাশিত তথ্যসমৃদ্ধ ও বস্তুনিষ্ঠ প্রতিবেদনের জন্য তিন ক্যাটাগরিতে জুন মাসের সেরা তিন প্রতিবেদকের নাম ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (১২ জুলাই) বিকেলে বাংলা ট্রিবিউনের ভারপ্রাপ্ত সম্পাদক জুলফিকার রাসেল তিন ক্যাটাগরিতে সেরা তিন প্রতিবেদকের নাম ঘোষণা করেন। এ সময় প্রধান বার্তা সম্পাদক হারুন উর রশিদ উপস্থিত ছিলেন।
জুন মাসে জনপ্রিয় ক্যাটাগরিতে সিনিয়র প্রতিবেদক পাভেল হায়দার চৌধুরী, সেরা প্রতিবেদনের জন্য সিনিয়র প্রতিবেদক সালমান তারেক শাকিল ও সারা দেশ ক্যাটাগরিতে লক্ষ্মীপুর প্রতিনিধি সাইফুল ইসলাম স্বপনের নাম ঘোষণা করা হয়েছে। পুরস্কার হিসেবে তাদের নগদ অর্থ ও প্রশংসাপত্র দেওয়া হবে।
এবার সেরা প্রতিবেদন ক্যাটাগরিতে ৭ জুন বাংলা ট্রিবিউনে প্রকাশিত সিনিয়র প্রতিবেদক সালমান তারেক শাকিলের ‘জামায়াতের লোগো পরিবর্তন: আক্বিমুদ্দিন এর বদলে লাল সবুজ’ রিপোর্টটি নির্বাচন করেন বাংলা ট্রিবিউনের জুরি বোর্ড।
জনপ্রিয় ক্যাটাগরিতে সর্বাধিক পঠিত সংবাদ হিসেবে প্রথম স্থান অর্জন করেছে সিনিয়র রিপোর্টার পাভেল হায়দার চৌধুরীর ‘জাসদকে নিয়ে আশরাফের মন্তব্য প্রসঙ্গে কেন্দ্রীয় নেতাদের যা বললেন প্রধানমন্ত্রী’ শীর্ষক প্রতিবেদনটি। ১৪ জুন এ প্রতিবেদনটি প্রকাশিত হয়।
এছাড়া সারাদেশ ক্যাটাগরিতে সেরা প্রতিবেদন নির্বাচিত হয়েছে ১৮ জুন প্রকাশিত বাংলা ট্রিবিউনের লক্ষ্মীপুর প্রতিনিধি সাইফুল ইসলাম স্বপনের ‘নেই ডিগ্রি, তারপরও ডেন্টাল সার্জন’ শীর্ষক প্রতিবেদনটি। এছাড়া বরগুনা জেলা প্রতিনিধি তরিকুল রিয়াজের ‘সেতুর উপর সাঁকো!’ প্রতিবেদনটি সারাদেশের মধ্যে দ্বিতীয় হয়েছে।
জুন মাসে পুরস্কার প্রদানের জন্য বিবেচনায় ছিল- অর্থনীতি বিটের ইনচার্জ শফিকুল ইসলামের ‘অবসরে যাচ্ছেন অর্থমন্ত্রী’, উদিসা ইসলামের ‘প্রশ্ন ফাঁস হয়েছে তো আপনার কী, আপনে ঘুমান’, ও ‘‘ধর্ষণ থেকে ‘যৌন সংসর্গ’: তনু হত্যার তদন্ত কোন পথে”, আইটি ইনচার্জ ও সিনিয়র রিপোর্টার হিটলার এ. হালিমের ‘দোয়েল ল্যাপটপ ডানা ঝাপটাতে ঝাপটাতেই শেষ’, সিনিয়র রিপোর্টার সালমান তারেক শাকিলের ‘তিনটি নরম শর্তে ২০১৯ সালের নির্বাচনই টার্গেট বিএনপির’, জাকিয়া আহমেদের ‘জঙ্গিবাদের বিরুদ্ধে অনন্য এক মহিলা মাদ্রাসা!’, বাংলা ট্রিবিউনের লণ্ডন প্রতিনিধি তানভীর আহমেদের ‘মুজিবের রক্তাক্ত বিরোধিতা করেছি, পতন চেয়েছি’, এবং সালমান তারেক শাকিল ও চৌধুরী আকবর হোসেনের ‘বিএনপি নেতাদের কপালে জামায়াত নেতার চুম্বন’ শীর্ষক প্রতিবেদনগুলো।
কর্মীদের উৎসাহ যোগানো ও ভালো কাজের আনুষ্ঠানিক স্বীকৃতি হিসেবে প্রতি মাসে এ ধরনের পুরস্কার দিয়ে থাকে বাংলা ট্রিবিউন।
/এসটিএস/এমও/এফএস/







