গত ২৪ ঘণ্টায় ঢাকায় বৃষ্টিপাত হয়েছে ৮৬ মিলিমিটার। সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টা ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় অস্থায়ীভাবে আংশিক মেঘাচ্ছন্ন থাকতে পারে এবং বাড়তে পারে দিনের তাপমাত্রা।
আবহাওয়া অধিদফতরের পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।
রবিবার (২২ অক্টোবর) দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোতে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলসমূহের ওপর দিয়ে দক্ষিণ-পূর্ব/দক্ষিণ দিক থেকে ঘণ্টায় ৪৫/৬০ কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) জনসংযোগ কর্মকর্তা মোবারক হোসেন মজুমদার জানিয়েছেন, রবিবার সকাল ৭টা থেকে সারাদেশে নৌ চলাচল স্বাভাবিক রয়েছে।
এদিকে গতকাল শনিবার দেশের সমুদ্রবন্দরগুলোতে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়। তবে আজ রবিবার সংকেত নামিয়ে নিতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও টলারকে আজ সন্ধ্যা পর্যন্ত সাবধানে চলাচল করতে বলা হয়েছে।
আবহাওয়াবিদ মুহম্মদ আরিফ হোসেন জানান, কিশোরগঞ্জ ও আশপাশের এলাকায় অবস্থানরত স্থল নিম্নচাপটি আরও উত্তর-পূর্ব দিকে অগ্রসর ও দুর্বল হয়ে প্রথমে সুস্পষ্ট লঘুচাপ ও পরবর্তীতে লঘুচাপে পরিণত হবে। সকাল ৯টায় সিলেট ও আশপাশের এলাকায় অবস্থান করছিল। এটি আরও উত্তর-পূর্ব দিকে অগ্রসর হয়ে গুরুত্বহীন হয়ে পড়তে পারে। উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা নেই।
আরও পড়ুন:
তথ্য ঠেঙ্গারচরের, পুনর্বাসন ভাসানচরে!








