‘বিভিন্ন সময় ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় এই কোটা সংস্কার নিয়ে আন্দোলন হয়েছে, তখন জানতে পারি শিবিরের কিছু ছেলে টিএসসিতে বৈঠক করছে। তারা ষড়যন্ত্র করছে বলেই জানতে পারলাম। এমন আন্দোলন অনেকবারই হয়েছে। সম্প্রতিও হচ্ছে। কিন্তু সমস্যা হচ্ছে ফেসবুকে কিছু মানুষ বিষয়টি উসকে দেয়।’ বৃহস্পতিবার (১ মার্চ) অনলাইন নিউজ পোর্টাল বাংলা ট্রিবিউনের আয়োজনে ‘চাকরি নিয়োগে কোটা বনাম মেধা’ শীর্ষক বৈঠকিতে অংশ নিয়ে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের কেন্দ্রীয় কমিটির সভাপতি মেহেদী হাসান এসব কথা বলেন।
মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের কেন্দ্রীয় কমিটির সভাপতি বলেন, ‘আমি প্রথমেই স্মরণ করছি মুক্তিযোদ্ধাদের, স্মরণ করছি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আজ যে বিষয়টি নিয়ে কথা বলতে বসেছি, তা কোটা সংস্কারের বিষয় নিয়ে। সাধারণ ছাত্ররা রাজপথে আন্দোলন করে সেটা তাদের গণতান্ত্রিক অধিকার। মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী এটাই তো আমাদের চরিত্র।’
তিনি আরও বলেন, ‘আমরা যারা আজ এখানে বসেছি তারা তো মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী। দেশ স্বাধীন হয়তো করেছেন কিছু স্পেশাল মানুষ, কিন্তু এই স্বাধীন দেশের সুফল সবাই কি ভোগ করছি না?’
আরও পড়ুন: মুক্তিযোদ্ধার নাতি-পুতিদের কেন কোটা সুবিধা দেবেন: শরিফুল হাসান
রাজধানীর শুক্রাবাদে বাংলা ট্রিবিউন স্টুডিও থেকে এ আয়োজন সরাসরি সম্প্রচার করছে এটিএন নিউজ। পাশাপাশি বাংলা ট্রিবিউনের ফেসবুক ও হোমপেজেও লাইভ দেখা যাচ্ছে বাংলা ট্রিবিউন বৈঠকি।
মুন্নী সাহার সঞ্চালনায় বৈঠকিতে অন্যদের মধ্যে অংশ নিয়েছেন- সাবেক যুগ্ম সচিব ড. এম এ মোমেন, মুক্তিযোদ্ধা, সাংবাদিক হারুন হাবীব, কলামিস্ট শরীফুল হাসান, বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের সমন্বয়কারী মো. রাশেদ খান এবং বাংলা ট্রিবিউনের চিফ নিউজ এডিটর দুলাল আহমদ চৌধুরী








