দুর্নীতি দমন কমিশন (দুদক) স্বাধীন ও নিরপেক্ষভাবে কাজ করতে পারছে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ। তিনি বলেন, ‘রাজনৈতিক চাপে পড়ে তারা খালেদা জিয়ার সাজার বিরুদ্ধে রিভিশন আবেদন ফাইল করেছে। এটা দুদকের নিজস্ব পলিসি না।’ বুধবার (২৮ মার্চ) সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে সাংবাদিকদের কাছে এক প্রতিক্রিয়ায় তিনি এসব কথা বলেন।
এর আগে, জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় খালেদা জিয়ার সাজা বাড়াতে দুদকের রিভিশন শুনানি শেষে ওই মামলায় বিচারিক আদালতের সাজা বাড়ানো হবে না কেন—তা জানতে চেয়ে হাইকোর্ট রুল জারি করেন।
রুল জারির পর মওদুদ আহমদ সাংবাদিকদের বলেন, ‘দুদক একটি স্বাধীন দায়িত্বশীল সংস্থা। এ মামলার রায়ে খালেদা জিয়ার যে ৫ বছরের সাজা হয়েছে, এতে তারা (দুদক) সংক্ষুব্ধ হলেন কিভাবে? এটা তো কোনও প্রাইভেট কোম্পানি আর দুদকের মামলা নয়। এতে বোঝা যাচ্ছে, তারা স্বাধীন ও নিরপেক্ষভাবে কাজ করতে পারছেন না। রাজনীতির চাপে দুদক এই আবেদন ফাইল করেছে। এটা দুদকের নিজস্ব পলিসি না।’
দুদক প্রসঙ্গে মওদুদ বলেন, ‘কোন রাজনৈতিক দলের কে বা কার বিরুদ্ধে এ মামলা, সেসব দেখে দুদকের ক্ষুব্ধ হওয়ার কথা না। আমরা আদালতে বলেছি, তাদের যদি রিভিশন করতে হয় তাহলে আইন পরিবর্তন করতে হবে। আপনারা আইন পরিবর্তন করে আসেন। না হলে এটা (রিভিশন আবেদন) তাদের প্রত্যাহার করা উচিত। নইলে তারা আপিল ফাইল করুক। কিন্তু এটা একটা অনিয়ম হলো।’ তিনি আরও বলেন, ‘আদালতে আমরা আইনের যে প্রশ্ন তুলেছি, তারই পরিপ্রেক্ষিতে আদালত বললেন, এর একটা ব্যাখ্যা প্রয়োজন। সুতরাং এটা নিয়ে আদালত রুল দিয়েছেন।’








