রাজধানীর ধানমন্ডিতে পাঁচটি রেস্তোরাঁকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের ঢাকা বিভাগীয় কার্যালয়। রবিবার (৮ জুলাই) ধানমন্ডির ৯/এ এর কে বি স্কয়ারে অভিযান পরিচালনা করেন বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক জান্নাতুল ফেরদাউস। অভিযান তদারকি করেন উপ-পরিচালক (উপসচিব) মনজুর মোহাম্মাদ শাহরিয়ার।
ঢাকা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল জব্বার মন্ডল বাংলা ট্রিবিউনকে জানান, রেস্তোরাঁগুলোতে কোল্ড ড্রিংস সর্বোচ্চ খুচরা মূল্যের (এমআরপি) চেয়ে বেশি দামে বিক্রির প্রমাণ পাওয়া গেছে। এছাড়া রেস্তোরাঁগুলোর পরিবেশও অপরিষ্কার ছিল। তাই ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৪৩ ও ৪০ ধারায় ডিএসএস মেইক ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্টকে ১ লাখ টাকা, ৪০ ধারায় আলটিটিউড ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্টকে ২৫ হাজার, ৪৩ ধারায় ডিএমজেআই রেস্টুরেন্টকে ২৫ হাজার, ৪০ ধারায় ব্ল্যাক পেপারকে ৩০ হাজার, ৪০ ও ৪৩ ধারায় গেইম অনকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে সার্বিক সহযোগিতা করে এপিবিএন-১ ও ১১ এর সদস্যরা।
এছাড়া এক ভোক্তার লিখিত অভিযোগের পর ঢাকা বিভাগীয় কার্যালয়ে শুনানি শেষে অনলাইন শপ ‘বিডি বাজেট বিউটি’কে ৩৭ ধারায় (কসমেটিকসের গায়ে বিক্রয়মূল্য না থাকায়) ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। শুনানি পরিচালনা করেন উপ-পরিচালক (উপসচিব) মঞ্জুর মোহাম্মদ শাহরিয়ার।
আরও পড়ুন: রাজধানীতে সাতটি প্রতিষ্ঠানকে জরিমানা







