যৌন হয়রানির অভিযোগে ইটিভি’র চিফ রিপোর্টার সেকান্দার গ্রেফতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ ফেব্রুয়ারি ২০১৯, ১৩:৩৩আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০১৯, ২২:১২

এম এম সেকান্দার নারী সহকর্মীকে যৌন হয়রানির অভিযোগে বেসরকারি টেলিভিশন চ্যানেল একুশে টিভি'র (ইটিভি) চিফ রিপোর্টার (প্রধান প্রতিবেদক) এমএম সেকান্দারকে গ্রেফতার করে পুলিশে সোপর্দ করেছে র‍্যাব-২। তার বিরুদ্ধে হাতিরঝিল থানায় নারী নির্যাতন দমন আইনে মামলা করেছেন ওই নারী। তবে সিকান্দারের স্ত্রী নিলুফা ইয়াসমীনের দাবি, তার স্বামী নির্দোষ। তাকে ষড়যন্ত্র করে ফাঁসানো হয়েছে।

রবিবার (৩ ফেব্রুয়ারি) রাত আড়াইটার দিকে র‍্যাব-২ এর একটি দল সেকান্দারকে তার বনশ্রীর বাসা থেকে গ্রেফতার করে। এরপর সোমবার (৪ ফেব্রুয়ারি) সকালে তাকে হাতিরঝিল থানায় সোপর্দ করা হয়।

হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  আবু মোহাম্মদ ফজলুল করীম বাংলা ট্রিবিউনকে এই তথ্য জানিয়েছেন।  তিনি বলেন, ‘নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১০ ধারায় ভুক্তভোগী নারী মামলাটি করেছেন। মামলা নম্বর ৩। মামলায় সেকান্দার আলীকেই আসামি করা হয়েছে। তাকে আদালতে পাঠানো হয়েছে। মামলায় ওই তরুণী যৌন হয়রানি ও উত্যক্তের অভিযোগ এনেছেন।’

মামলা করার আগে এই নারী সাংবাদিক ইটিভি কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ করেন। ২৮ জানুয়ারি চ্যানেলটির ব্যবস্থাপনা পরিচালক বরাবর ‘এমএম সেকান্দার কর্তৃক নারী সহকর্মীকে যৌন হয়রানি’  শিরোনামে  তিন পৃষ্ঠার লিখিত অভিযোগপত্র জমা দিয়েছেন। তাতে হয়ারনির পুরো ঘটনা তিনি ব্যাখ্যা করেছেন।

ওই নারীর অভিযোগ, তাকে দীর্ঘদিন ধরে সেকান্দার যৌন হয়রানি করে আসছেন।  বিষয়টি নিয়ে কয়েকবার টেলিভিশনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে কথা বলতে গেলেও তিনি তাদের কাছে পাত্তা পাননি।

ইটিভি লোগো

ভুক্তভোগী নারীর অভিযোগ, একটি বেসরকারি প্রতিষ্ঠানে রিপোর্টিং কোর্স করার সময় সেকান্দারের সঙ্গে তার পরিচয় হয়। সেখানে প্রশিক্ষক হিসেবে কাজ করতেন তিনি। তার মাধ্যমেই ইটিভিতে চাকরি পান। চাকরি পাওয়ার পর থেকেই সেকান্দার তাকে বিভিন্ন সময় যৌন হয়রানি করেছেন। কোনও কারণ ছাড়াই তাকে অনেক রাত পর্যন্ত অফিসে বসিয়ে রাখতেন। এরপর সেকান্দার তার নিজের গাড়িতে করে তাকে বাসায় পৌঁছে দেওয়ার কথা বলে গাড়িতেও যৌন হয়রানি করতেন। এই কাজে চ্যানেলটির আরও কয়েকজন সেকান্দারকে সহায়তা করতো দাবি করেছেন তিনি।

ইটিভি’র বার্তা সম্পাদক দেবাশীষ রায় বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমাদের ভুক্তভোগী সহকর্মী লিখিত অভিযোগ দেওয়ার পর আমরা বিষয়টি শুনছি। আমরা চাই এর সুষ্ঠু তদন্ত হোক। কর্মক্ষেত্রে এ ধরনের হয়রানি মানা যায় না। আমাদের নারী সহকর্মী সাহস করে প্রতিকার চেয়েছেন। আমরা তার সঙ্গে আছি। আমরাও চাই বিচার।’

এ বিষয়ে চ্যানেলটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ আলী শিকাদার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমি অভিযোগটা পাওয়ার সঙ্গে সঙ্গে ওই বিষয়টি তদন্ত করতে অফিসে একটি কমিটি করে দিয়েছি। নারী সাংবাদিকের সঙ্গে কথা বলেছি। আমি তাকে আইনি প্রক্রিয়ায় অগ্রসর হওয়ার পরামর্শ দিয়েছি। কারণ ঘটনাটি ভয়াবহ। আমরা সেটি আঁচ করতে পেরেছি। এটা ফৌজদারি অপরাধ।  এরপর তিনি মামলা করেছেন। পাশাপাশি সেকান্দারকে শোকজ করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘আমরা ওই নারী সহকর্মীকে সব ধরনের সহায়তা দেওয়ার কথা জানিয়েছি।  তার জন্য যা যা করার দরকার আমরা করবো।’

সেকান্দার আটক থাকায় তার বক্তব্য পাওয়া যায়নি। এ বিষয়ে তার পরিবারের ভাষ্যও পাওয়া যায়নি।

তবে সিকান্দারের স্ত্রী নিলুফা ইয়াসমীনের দাবি, তার স্বামী নির্দোষ। তাকে ষড়যন্ত্র করে ফাঁসানো হয়েছে।
সিকান্দারকে উঠিয়ে নিয়ে যাওয়ার বর্ণনা দিয়ে নিলুফা বাংলা ট্রিবিউনকে বলেন, ‘রাত আড়াইটার দিকে সাদা পোশাকে এবং ইউনিফর্মে আমাদের বাসায় র‌্যাবের সদস্যরা আসেন। তারা দরজা খোলার জন্য জোর করছিলেন। তারা বলেন, সড়কে গাড়ি দুর্ঘটনা করে এসেছে বলে তাকে (সিকান্দার) র‌্যাব নিতে এসেছে। আমরা বললাম, আমাদের গাড়ি ঠিক আছে। এরপর তারা দরজা ভাঙা শুরু করে। তখন সিকান্দার বিষয়টি তার অফিসের বসদের জানায়। এরমধ্যে বাসার ভেতরে র‌্যাব ঢুকে আমাদের সবার মোবাইল নিয়ে যায়। আমার ভাইদের মারধর করে, আমার সঙ্গে খারাপ ব্যবহার করে। আমি তাদের কাছে ওয়ারেন্ট দেখতে চাই। কিন্তু তারা কেউ কিছু দেখাতে পারেনি। বরং জোর করে তাকে গাড়িতে তুলে নেওয়া হয়।’
তিনি আরও বলেন, ‘বাসা থেকে নেওয়ার সময় আমাদের জানানো হয় গাড়ি দুর্ঘটনা করে এসেছে সেকান্দার সেজন্য তাকে নিয়ে যাওয়া হচ্ছে। সেটা সকালে হয়ে গেল যৌন হয়রানি। পুরো ঘটনাটি সাজানো এবং ষড়যন্ত্র। যে যৌন হয়রানির অভিযোগে মামলা দায়ের করা হয়েছে, সেটার কোনও প্রমাণ নেই। কেবল মুখের কথায় এবং গল্পে এই মামলা করা হয়েছে। কেউ কোনও প্রমাণ দিতে পারবে না।’ নিলুফা ইয়াসমীন বলেন, ‘সেকান্দারকে ইটিভি ও একুশের চোখ অনুষ্ঠান থেকে সরিয়ে দিতে এই ষড়যন্ত্র করা হয়েছে। কারণ, চ্যানেলের অনেকেই হয়তো কোনও অবৈধ কাজ সেকান্দারের জন্য করতে পারছিল না।’
তিনি বলেন, ‘কিছুদিন আগে সেকান্দারের ফেসবুক আইডি হ্যাক করা হয়েছে। এ বিষয়ে একটি সাধারণ ডায়েরিও করা ছিল। সেই ডায়েরিটির একটি কপিও র‌্যাব নিয়েছে। আমাদের মনে কোনও ভয় নেই।’

 

/এআরআর/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক