রাজধানীর বনানীতে এফ আর টাওয়ারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় জমির মালিক এসএমএইচ আই ফারুক (৬৫) গ্রেফতার করা হয়েছে।
শনিবার (৩০ মার্চ) দিবাগত রাতে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাকে গ্রেফতার করে মহানগর গোয়েন্দা পুলিশের (উত্তর) সদস্যরা।
ডিবি উত্তরের এডিসি গোলাম সাকলাইন সিথিল বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।
এরআগে, অগ্নিকাণ্ডের ঘটনায় শনিবার রাতে বনানী পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মিল্টন দত্ত বাদী হয়ে ৪৩৬/৩০৪(ক)/৪২৭/১০৯ ধারায় মামলা (নম্বর ৩৭) করেছেন। এতে এসএমএইচ আই ফারুক, রুপায়ন গ্রুপের চেয়ারম্যান লিয়াকত আলী খান ও তাসভির উল ইসলামকে আসামি করা হয়েছে।
উল্লেখ্য, বৃহস্পতিবার (২৮ মার্চ) দুপুর ১২টা ৫৫ মিনিটে ২৩ তলা বনানীর এফ আর টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ২৫টি ইউনিট আগুন নেভানো ও হতাহতদের উদ্ধারের কাজ করে। পাশাপাশি সেনাবাহিনী, বিমানবাহিনী, নৌবাহিনী, পুলিশ, র্যাব, রেড ক্রিসেন্টসহ ফায়ার সার্ভিসের প্রশিক্ষিত অনেক স্বেচ্ছাসেবী অগ্নিনির্বাপণ ও উদ্ধার কাজে অংশ নেয়। প্রায় সাড়ে ছয় ঘণ্টা চেষ্টার পর রাত ৭টায় আগুন নেভানো সম্ভব হয়। এই ঘটনায় এখন পর্যন্ত ২৬ জন মারা গেছেন।
আরও পড়ুন:
এফ আর টাওয়ারের বর্ধিত অংশের মালিক তাসভির গ্রেফতার
‘হত্যা’ বলা হলেও বনানী অগ্নিকাণ্ডে মামুলি ধারায় মামলা








