একই পোশাক মাত্র ৫ দিনের ব্যবধানে দ্বিগুণ দামে বিক্রি করায় আড়ংয়ের উত্তরার আউটলেটকে সাড়ে চার লাখ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। একই সঙ্গে আউটলেটটি একদিনের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে।
সোমবার (৩ জুন) দুপুর ১২টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত উত্তরার (জসিমউদদীন রোডে) আড়ংসহ কয়েকটি ব্র্যান্ডের আউটলেটে অভিযান চালায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।
প্রতিষ্ঠানটির উপ-পরিচালক মনজুর মোহাম্মদ শাহরিয়ার বাংলা ট্রিবিউনকে আড়ংকে জরিমানা করার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘গত ২৬ মে এক নারী ৭৩০ টাকায় একটি পাঞ্জাবি কেনেন। এর ৫ দিনের মাথায় ৩১ মে একই পাঞ্জাবি কেনার জন্য তিনি উত্তরার জসীমউদদীন সড়কের আড়ংয়ে যান। তখন সেই পাঞ্জাবিটির দাম তার কাছে ১ হাজার ৩১৫ টাকা রাখা হয়। ভুক্তভোগী নারী এ বিষয়ে আমাদের কাছে অভিযোগ করলে আমরা সোমবার সেখানে যাই।’
মনজুর মোহাম্মদ শাহরিয়ার বলেন, ‘প্রথমে তাদের দুটি পাঞ্জাবির ট্যাগ খুলে সেগুলোর মধ্যে পার্থক্য করতে বলি। এ সময় তারা বেশি দামের পাঞ্জাবিটিকে কম দামের বলে। পরে তাদের ট্যাগ দেখানো হয়। ৫ দিনের ব্যবধানে কেন এভাবে দামের পার্থক্য করা হলো জানতে চাইলে উপযুক্ত জবাব দিতে পারেননি তারা।’
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের উপ-পরিচালক বলেন, ‘তাদের (আড়ং) বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় সাড়ে চার লাখ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া আউটলেটটি আজকে (সোমবার) বন্ধ করে দেওয়া হয়েছে। এটি একদিন বন্ধ থাকবে।’








