শিগগিরই ভয়াবহভাবে সারাদেশে ডেঙ্গু ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন মেডিসিন বিশেষজ্ঞ ও হেলথ অ্যান্ড হোপ হাসপাতালের চেয়ারম্যান ডা. লেলিন চৌধুরী। তিনি বলেন, ‘সামনে ঈদ আসছে। তখন ডেঙ্গু আক্রান্ত এলাকা ঢাকা থেকে ভাইরাস সারাদেশে ছড়িয়ে পড়বে। যদি আমরা এখনই সতর্ক না হই, সামনে হয়তো মহাদুর্যোগ অপেক্ষা করছে আমাদের জন্য।’ শীর্ষস্থানীয় অনলাইন নিউজ পোর্টাল বাংলা ট্রিবিউনের আয়োজনে ‘ডেঙ্গু’ শীর্ষক বৈঠকিতে তিনি এ কথা বলেন। মঙ্গলবার (৩০ জুলাই) বিকালে শুরু হয় বাংলা ট্রিবিউনের সাপ্তাহিক এই আয়োজন।
ডেঙ্গুর বর্তমান ভয়াবহতার কথা তুলে ধরে ডা. লেলিন চৌধুরী বলেন, ‘ডেঙ্গুর বর্তমান পরিস্থিতি ভয়াবহ। আমরা একটি বরফের টুকরোর ভাসমান অংশ দেখছি, ডুবে থাকা অংশ কিন্তু দেখছি না। একটি গণমাধ্যম যখন লিখলো– “ডেঙ্গু রোগীর সংখ্যা সাড়ে ৩ লাখ”, আমরা কিন্তু তার বিরোধিতা করিনি। যদিও মেয়র সাহেব এ নিয়ে নানা মন্তব্য করেছেন। কিন্তু আমরা জানি, হাসপাতালে ভর্তির বাইরেও বিপুল সংখ্যক রোগী থাকে। আমরা যা দেখছি তার পেছনের দৃশ্য আরও ভয়াবহ।’
‘বিশ্ব স্বাস্থ্য সংস্থার নীতি অনুযায়ী এটি মহামারি।’ উল্লেখ করে তিনি আরও বলেন, ‘মহামারি ঘোষণা করা নীতিনির্ধারকদের ব্যাপার। নীতিনির্ধারকদের একটা জেদ থাকে– তারা পরাজিত হতে চান না। যেমন মেয়র সাইদ খোকন বলছেন– “সবকিছু নিয়ন্ত্রণে আছে।” আমার কাছে মনে হয়– এ ধরনের জায়গায় যারা আছেন, এক ধরনের ইগো তাদের মধ্যে কাজ করে। এখানে ব্যর্থ হওয়া না হওয়ার ব্যাপার নয়।’
মুন্নী সাহার সঞ্চালনায় আজকের বৈঠকিতে আরও অংশ নিচ্ছেন– ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্যানেল মেয়র আলেয়া সারোয়ার ডেইজী, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ও কীটতত্ত্ববিদ কবিরুল বাশার, ব্লগার ও অ্যাক্টিভিস্ট বাকি বিল্লাহ এবং বাংলা ট্রিবিউনের সিনিয়র রিপোর্টার জাকিয়া আহমেদ।
রাজধানীর পান্থপথে বাংলা ট্রিবিউন স্টুডিও থেকে এ বৈঠকি সরাসরি সম্প্রচার করছে বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন নিউজ। পাশাপাশি বাংলা ট্রিবিউনের ফেসবুক ও হোমপেজে লাইভ দেখা যাচ্ছে এ আয়োজন।
আরও পড়ুন: ‘কোথাও না কোথাও অবশ্যই আমাদের দুর্বলতা আছে’







