মুক্তিযুদ্ধ জাদুঘরের অন্যতম ট্রাস্টি ডা. সারওয়ার আলীকে হত্যাচেষ্টা মামলায় দারোয়ান ও ড্রাইভার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। শুক্রবার (১০ জানুয়ারি) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাবিবুর রহমানের আদালতে দারোয়ান হাসান এবং ড্রাইভার হাফিজুল ইসলাম এই জবানবন্দি দেয়। আদালত জবানবন্দি গ্রহণ করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
রাষ্ট্রপক্ষে আইনজীবী হেমায়েত উদ্দিন খান হিরন বাংলা ট্রিবিউনকে জানান, দুপুরে উত্তরা পশ্চিম থানার মামলা তদন্ত কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক সুকান্ত সাহা আসামিদের আদালতে হাজির করেন। আসামিরা স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মত হলে তা রেকর্ড করার আবেদন জানান তদন্ত কর্মকর্তা। এরপর বিচারক জবানবন্দি গ্রহণ করে আসামিদের কারাগারে পাঠানোর আদেশ দেন। এর আগে ৭ জানুয়ারি আসামিদের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
প্রসঙ্গত, ৫ জানুয়ারি (রবিবার) রাজধানীর উত্তরার ৭নং সেক্টরে নিজ বাড়িতে ডা. সারওয়ার আলীকে হত্যার চেষ্টা করা হয়। ওই ঘটনায় উত্তরা পশ্চিম থানায় একটি মামলা করা হয়।








