দুই ছেলের মৃতদেহ শনাক্ত করার মতো কাজ করতে হয় যখন মাকে, সেই মায়ের জন্য এর চেয়ে বড় কষ্ট আর কী হতে পারে।পারুল বিবি, নারায়ণগঞ্জে মসজিদে এসি বিস্ফোরণের ঘটনায় হারিয়েছেন দুই সন্তান জোবায়ের (১৮)ও সাব্বিরকে (২১)। লাশ শনাক্ত করে মায়ের বুক ফাটানো আহাজারিতে ভারী হয়ে ওঠে হাসপাতালের বাতাস। মা চিৎকার দিয়ে বলতে থাকেন, ‘আমার কলিজার টুকরারা চইল্লা গেলো। কে আমার বিছানা করে দিবে।’
ছেলেরা মায়ের বিছানা করে দিতো সবসময়। সেই সুখস্মৃতিই যেন এখন সবচেয়ে বেশি মনে পড়ছে পাগলপ্রায় পারুল বিবির।
পারুল বিবি ও বাবা নুরুদ্দিনের সংসারে তিন সন্তান। তার দুই ছেলে। বড় ছেলে বিএ পাস করেছেন। আরেক জন তুলা রাম ডিগ্রি কলেজের এইচএসসির শিক্ষার্থী ছিল। এখন সবই হারিয়ে যাওয়ার গল্প। যুবক ছেলেদের লাশের পাশে বাবার যেন মুখে কোনও শব্দ নেই। তাদের বাড়ি নারায়ণগঞ্জের তল্লায়।
প্রসঙ্গত, শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাতে নারায়ণগঞ্জের তল্লায় মসজিদে বিস্ফোরণের ঘটনায় ৩৭ জন গুরুতর দগ্ধ হয়েছেন। শনিবার দুপুর পর্যন্ত ১৬ জনের মৃত্যু হয়েছে। চিকিৎসাধীন সবার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।








