পৌরসভা নির্বাচনে মনোনয়পত্র জমা দেওয়ার শেষ দিন ছিল বৃহস্পতিবার। এদিন কুমিল্লার ৬টি পৌরসভায় ৩৮ জন মেয়র, সংরক্ষিত ওয়ার্ডে ৫০ জন ও সাধারণ ওয়ার্ডে ২৬০ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। তবে এ এলাকায় আওয়ামী লীগ ও বিএনপি দু’দলেই রয়েছে বিদ্রোহী প্রার্থীর ছড়াছড়ি।
চৌদ্দগ্রাম : কুমিল্লার চৌদ্দগ্রামে পৌরসভা নির্বাচনে মেয়র পদে ৫ জন, সংরক্ষিত ওয়ার্ডে ৮ জন ও সাধারণ ওয়ার্ডে ৪৯ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। মেয়র পদে মনোনয়নপত্র জমাদানকারীরা হলেন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও বর্তমান মেয়র মিজানুর রহমান, আ. লীগের বিদ্রোহী নেতা এনাম হোসেন পাটোয়ারী, পৌর বিএনপির সভাপতি জিএম নয়ন বাঙ্গালী, পৌর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক খোরশেদ আলম ও উপজেলা জামায়াতের সাবেক আমির সাহাব উদ্দিন (স্বতন্ত্র)।
লাকসাম : লাকসাম পৌরসভা নির্বাচনে মেয়র পদে ৫ জন, সংরক্ষিত ওয়ার্ডে ১০ জন ও সাধারণ ৩৭ জন মনোনয়ন পত্র জমা দিয়েছেন। মেয়র পদে মনোনয়ন পত্র দাখিল করেছেন আওয়ামী লীগের অধ্যাপক আবুল খায়ের, বিএনপির শাহনাজ আক্তার, জাতীয় পাটির মোখলেছুর রহমান, ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের নূর মোহাম্মদ ও স্বতন্ত্র গোলাম ফারুক।
হোমনা: হোমনায় মেয়র পদে ৮ জন, সংরক্ষিত আসনে ৯ জন ও সাধারণ ওয়ার্ডে ৪৬ জন প্রার্থী মনোনয়পত্র জমা দেন। মেয়র পদে উপজেলা আ’লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট মো. নজরুল ইসলাম, বিএনপি থেকে সাবেক সরকারি কর্মকর্তা আলহাজ আবদুল লতিফ, বিএনপির বিদ্রোহী প্রার্থী কুমিল্লা উত্তর জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মো. হানিফ মিয়া, উপজেলা বিএনপির সহ-সভাপতি আলমগীর সরকার। জাতীয় পার্টি থেকে উপজেলা জাতীয় পার্টির সভাপতি মো. ইসমাইল হোসেন সিরাজী, বাংলাদেশ ইসলামী শাসনতন্ত্র আন্দোলন হোমনা উপজেলার সভাপতি আবদুল হাকিম, স্বতন্ত্র মো. জহিরুল হক ও খোদেজা বেগম।
চান্দিনা : চান্দিনায় মেয়র পদে ৫ জন, সংরক্ষিত ওয়ার্ডে ৭ জন ও সাধারণ ওয়ার্ডে ৪০ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। মেয়র পদে পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মো. মফিজুল ইসলাম ও আওয়ামী লীগের বিদ্রোহী জয়নাল আবেদীন। বিএনপি’র মনোনয়ন পেয়েছেন বর্তমান মেয়র ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক শাহ্ মোহাম্মদ আলমগীর খান। জাতীয় পার্টির আবুল কালাম আজাদ, স্বতন্ত্র আবদুল মান্নান সরকার।
বরুড়া : বরুড়া পৌরসভা নির্বাচনে মেয়র পদে ৮ জন, সংরক্ষিত ওয়ার্ডে ৭ জন এবং সাধারণ ওয়ার্ডে ৫৪ জন মনোয়নপত্র জমা দিয়েছেন। মেযর পদে আওয়ামী লীগের সাবেক পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগ নেতা বাহাদুরুজ্জামান। বিএনপি থেকে বর্তমান পৌর মেয়র ও উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন পাটোয়ারী। জাতীয় পার্টির এম এ ওয়াদুদ মিয়াজী, ইসলামী ফ্রন্টের কবির হোসেন প্রধানীয়া, তরিকত ফেডারেশনের আবুল কালাম আজাদ, জাসদ (ইনু) প্রদীপ কুমার দত্ত, স্বতন্ত্রের নজরুল ইসলাম ও আরিফ হোসেন ভূইয়া।
দাউদকান্দি : দাউদকান্দি পৌর নির্বাচনে মেয়র পদে ৭ জন, সংরক্ষিত ওয়ার্ডে ৯ জন ও সাধারণ ওয়ার্ডে ৩৪ জন মনোয়নপত্র জমা দিয়েছেন। মেয়র পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন পৌর আওয়ামী লীগের সদস্য নাঈম ইউছুফ সেইন, আওয়ামী লীগের বিদ্রোহী বর্তমান মেয়র ভিপি আবদুস ছাত্তার, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক খন্দকার শাহজাহান, কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি কেএম আই খলিল, জাতীয় পার্টির ভিপি অহিদুল ইসলাম, ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের মাওলানা জালাল আহমেদ ও স্বতন্ত্র নুরুল আলম সরকার।
/এসটি/








