টুঙ্গিপাড়া পৌরসভায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় মেয়র নির্বাচিত হতে যাচ্ছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শেখ আহম্মেদ হোসেন মীর্জা। স্বতন্ত্র প্রার্থী টুঙ্গিপাড়া পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ ফোরকান বিশ্বাসের মনোনয়নপত্র যাচাই- বাছাইয়ের সময় বাতিল করেন রির্টানিং অফিসার। বুধবার শেষ দিনেও রির্টানিং অফিসারের কাছে আপিল করেননি তিনি।
টুঙ্গিপাড়া পৌরসভায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শেখ আহম্মদ হোসেন মির্জা এখন একক প্রার্থী। এ কারণে মেয়র পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিনি নির্বাচিত হচ্ছেন।
স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ ফোরকান বিশ্বাস বলেন, ‘প্রার্থী হওয়ার পর যাচাই-বাছাইয়ে আমার মনোনয়নপত্র বাতিল করা হয়। হাই কমান্ডের নিদের্শে জেলা আওয়ামী লীগ নেতারা আমাকে মানোনয়নপত্রের ব্যাপারে আপিল না করার অনুরোধ করেন। আওয়ামী লীগ ও দলের নেতাদের প্রতি সম্মান দেখিয়ে আমি আপিল করিনি।’
গোপালগঞ্জ জেলা নির্বাচন অফিসার ওহিদুজ্জামান মুন্সী জানিয়েছেন, আগামী ১৩ ডিসেম্বর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষদিন। এর আগে বিনা
প্রতিদ্বন্দ্বিতায় কাউকে নির্বাচিত ঘোষণা করার সুযোগ নেই।
/এআর/এফএস/








