নিজামীর ফাঁসি কার্যকর করার পর তুরস্ক যে প্রতিক্রিয়া দেখিয়েছে তা দুঃখজনক বলে মনে করে ১৪ দল।
বুধবার ধানমণ্ডিতে সংসবাদ সম্মেলনে ১৪ দলের পক্ষ থেকে মুখপাত্র নাসিম বলেন, তুরস্ক থেকে যে প্রতিক্রিয়া দেওয়া হচ্ছে এটা দুঃখজনক। তুরস্ক একদিন লাখ লাখ আর্মেনিয়ানকে হত্যা করেছিলো। তারা আজকে বাংলাদেশের বিষয়ে মানবতার কথা বলে। বাংলাদেশ একাত্তরের মানবতাবিরোধীদের বিচার করছে। এ বিষয়ে শুধু তুরস্ক বা পাকিস্তান যেই হোক না কেন মন্তব্য করার ক্ষেত্রে আমরা হুঁশিয়ার করে দিচ্ছি।
বিএনপির সমালোচনা করে নাসিম বলেন, হত্যা-চক্রান্তের মাধ্যমে বিএনপির জন্ম। বিএনপি এখনও চক্রান্ত করে যাচ্ছে। তাদের কথিত এক নেতা মোসাদের মতো জঘণ্য গোয়েন্দা সংস্থার সঙ্গে বৈঠক করেছেন সরকার উৎখাতের জন্য। ইসরাইল লাখ লাখ ফিলিস্তিনিকে হত্যা করেছে, করে যাচ্ছে। সেই ইসরাইলের গোয়েন্দা সংস্থার সঙ্গে বিএনপির নেতা বৈঠক করে চক্রান্ত করছে, আর তাকে প্রকাশ্যে সমর্থন করছে বিএনপি।
তিনি বলেন, বিএনপি নেতারা বলছেন, চক্রান্ত করে নাকি আসলাম চৌধুরীকে গ্রেফতার করা হয়েছে। তারা প্রকাশ্যে আসলামকে প্রটেকশন দিচ্ছে। বিএনপি মোসাদীয় কায়দায় জ্বালাও-পোড়াও রাজনীতি করেছিলো। তদন্ত করে দেখা দরকার মোসাদই সেই আগুন দিয়ে মানুষ পুড়িয়ে হত্যার পরামর্শ দিয়েছিলো কি না।
জোটের এই মুখপাত্র বলেন, আগামী ২৪ মে সারা দেশের জেলায় জেলায় ১৪ দল প্রতিবাদ সমাবেশ করবে। এই দিন মূল সমাবেশটি হবে চট্টগ্রামের লালদীঘির ময়দানে। লালদীঘির ময়দানে কেন্দ্রীয় ১৪ দলের নেতারা উপস্থিত থাকবেন। পরে ১৪ দল গ্রামে গ্রামে কর্মসূচি পালন করবে।
সংবদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন জাসদ (একাংশ) সভাপতি শরীফ নুরুল আম্বিয়া, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, উপ-দপ্তর সম্পাদক মৃণাল কান্তি দাস, সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, কৃষি বিষয়ক সম্পাদক আবদুর রাজ্জাক, জাসদ (একাংশ) সাধারণ সম্পাদক শিরীন আখতার, তরিকত ফেডারেশন মহাসচিব এম এ আউয়াল, গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক ডা. শাহাদাৎ হোসেন, বাসদ আহ্বায়ক রেজাউর রশীদ খান, আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য এস এম কামাল হোসেন, সুজিত রায় নন্দী প্রমুখ।
আরও পড়ুন: সংসদ সদস্যদের মর্যাদা ক্ষুণ্ন করেছেন সেলিম ওসমান: ১৪ দল
পিএইচসি/এজে








