২০১৬-১৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের সমালোচনা করে ১৪ দলীয় জোটের শরিক বাংলাদেশ তরিকত ফেডারেশনের মহাসচিব ও লক্ষ্মীপুর ১ আসনের সংসদ সদস্য এম এ আউয়াল বলেছেন, এই বাজেট উচ্চাভিলাষী। এখানে রাজস্ব আদায়ের নানা পথ দেখানো হয়েছে। আদতে এই পথ সব সাধারণ জনগণের দিকে পড়বে। এ কারণে মানুষকে অতিরিক্ত করের বোঝা বহন করতে হবে।
সোমবার দুপুরে জাতীয় সংসদে বাজেট পরবর্তী আলোচনায় এম এ আউয়াল এসব কথা বলেন। তিনি আরও বলেন, প্রস্তাবিত বাজেটে কর আরোপের চিত্র দেখানো হয়েছে নানাভাবে, এই নানা চেহারা কিন্তু সাধারণ মানুষেরই। তাদেরই কর দিতে হবে।
বাজেটে বিনিয়োগের যে লক্ষ্যমাত্রা ধরা হয়েছে সেটা বাস্তবায়নে ব্যক্তিখাতে বাড়তি ৮০ হাজার কোটি টাকা প্রয়োজন হবে জানিয়ে এম আউয়াল বলেন, এই টাকা কোথা থেকে আসবে, ব্যাংক থেকে না পুঁজিবাজার থেকে? এই বিষয়ে কোনও সুস্পষ্ট বক্তব্য নেই। এসময় তিনি মাজার রক্ষা ও ধর্মীয় ইবাদত নিরাপদে সম্পন্ন করতে পর্যাপ্ত পরিমাণে নিরাপত্তা দেওয়ারও আহ্বান জানান।
/এসটিএস/এমও/এসএমএম/








