জঙ্গি সৃষ্টি করে আবার তা দমনের নামে জনগণের দৃষ্টি অন্যদিকে সরিয়ে সরকার নীরবে দেশবিরোধী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে বলে দাবি করেছে বিএনপি।
দলটির অভিযোগ, উগ্রবাদী জঙ্গিদের উৎপাত, তাদের ধরার জন্য দেশের সাধারণ মানুষের ওপর ভয়াবহ নির্মম ক্র্যাকডাউন ও বিচারবহির্ভূত হত্যার বিভীষিকার ডামাডোল সৃষ্টি করে জনগণের দৃষ্টিকে সেদিকে সরিয়ে রেখেছে সরকার। এর মধ্যে তারা দ্রুত দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, নিরাপত্তা, ভৌগলিক ও পরিবেশগত অস্তিত্ব এবং দেশের অর্থনৈতিক অগ্রগতিকে বিপন্ন করে নীরবে দেশবিরোধী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে।
বৃহস্পতিবার দুপুরে নয়া পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপির নিয়মিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
রিজভী বলেন, ‘এই ভোটারবিহীন বর্তমান সরকার শুধু তোষামোদ করতে গিয়ে দেশের সর্বস্ব উজাড় করে দিয়ে বাংলাদেশকে পঙ্গু রাষ্ট্রে পরিণত করা হয়েছে। ভারত-বাংলাদেশের মধ্যে প্রবাহিত অভিন্ন ৩৭টি নদীর পানি ভারতকে দেওয়ার জন্য যে প্রস্তুতি প্রয়োজন তা প্রায় সম্পন্ন।’
তিনি বলেন, ‘ভারতের এই মহাপরিকল্পনা বাস্তবায়ন শেষ হলে বাংলাদেশের ভূ-প্রাকৃতিক অস্তিত্বই ভয়ংকর রকমের বিকৃত হয়ে উঠবে। সাগরের লোনা পানি ওপরের দিকে উঠে আসবে। লবণাক্ততা ভয়ঙ্করভাবে বেড়ে যাবে, চাষের জমি নষ্ট হবে। এরকম একটি বাংলাদেশ বিধ্বংসী মহাপ্রকল্পের ব্যাপারে বাংলাদেশ সরকারের মৌনতা সম্মতিরই লক্ষণ।’
রিজভী বলেন, ‘নতজানু সরকার টু শব্দটিও করছে না- কঠোর নিন্দা, প্রতিবাদ জানানো তো দূরে থাক। ইতোমধ্যে অবকাঠামো না থাকলেও আশুগঞ্জ বন্দর ব্যবহার করে নামমাত্র ১৯২ টাকায় ট্রানজিটের নামে করিডোর দেওয়া হয়েছে। দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা সম্পূর্ণরুপে বিপন্ন হয়ে পড়েছে।’
সংবাদ সম্মেলনে রিজভী বলেন, ‘বাংলাদেশের ভোটারবিহীন সরকার গণবিরোধী সিদ্ধান্ত নিতে কখনই কুণ্ঠিত হয় না। কারণ এই সরকারকে জনমতের তোয়াক্কা করতে হয় না। সরকারের অর্থনৈতিক দর্শণ হচ্ছে লুটপাটনির্ভর। তাদের আগ্রাসী লুটপাটের জন্য দেশ বিক্রি করার দরকার হলে তারা তাই করবে। তার আলামত দেশবাসী ইতোমধ্যেই দেখতে শুরু করেছে। এই সরকার অত্যন্ত পরিকল্পিতভাবে দেশ বিক্রির কার্যক্রম শুরু করেছে।
- রিজার্ভ চুরির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলছে: অর্থমন্ত্রী
- পিডিবি কর্মকর্তার বকেয়া বিদ্যুৎ বিল ৯ লাখ টাকা!
এসটিএস/এজে







