সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে দেশের ইসলামি দল ও আলেম সমাজকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রচার সম্পাদক ড. হাছান মাহমুদ। শনিবার সকালে ঢাকা রিপোর্টাস ইউনিটিতে বাংলাদেশ ইসলামিক ফ্রন্ট আয়োজিত ‘জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ প্রতিরোধে করণীয়’ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
হাছান মাহমুদ বলেন, যারা ধর্মের নাম দিয়ে মানুষ হত্যা করছে তারা ইসলামের শত্রু। তাই জঙ্গিবাদের বিরুদ্ধে দেশের ইসলামি দলগুলোর ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলা প্রয়োজন। তবে অবশ্যই তা হতে হবে জামায়াত এবং যেসব দলে জঙ্গি সংশ্লিষ্টতা আছে তাদের ছাড়া।
‘দেশে নির্বাচন হলে গুপ্তহত্যা বন্ধ হবে’ বিএনপি চেয়ারপারসনের এমন বক্তব্যের প্রেক্ষিতে হাছান মাহমুদ বলেন, প্রকৃতপক্ষে বিএনপি নেত্রী উনার বক্তব্যেই স্পষ্ট করে দিয়েছেন কারা,কী জন্য দেশে এসব ঘটনা প্রবাহ সংঘটিত করছে। শোলাকিয়ায় হামলাকারী দুজন জঙ্গির পরিবারের সদস্যরা জামায়াত এবং বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত। তাদের সঙ্গে যুক্ত হয়েছে একটি আন্তর্জাতিক ষড়যন্ত্র।
দলের চেয়ারম্যান সৈয়দ বাহাদুর শাহ মুজাদ্দেদীর সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মহাসচিব অধ্যক্ষ জয়নুল আবেদীন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আতাউর রহমান নিয়াজী, আওয়ামী লীগের উপ কমিটির সদস্য এম এ করিম প্রমুখ।
আরও পড়ুন: ‘ফিঙ্গারপ্রিন্ট দিয়ে ক্লাসে ঢুকতে হবে ইডেনের ছাত্রীদের’
/এমও/







