ক্ষমতাসীনদের মধ্যেই জঙ্গি রয়েছে অভিযোগ করে বিএনপির ভাইস চেয়ারম্যান শাহ মোয়াজ্জেম হোসেন বলেছেন, কল্যাণপুরে ৯ জঙ্গিকে কেন হত্যা করা হলো? কেন তাদের গ্রেফতার করে বিচারের আওতায় আনা হলো না?
মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে ‘ সন্ত্রাস, জঙ্গিবাদ প্রতিরোধ এবং গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠায় জাতীয় ঐক্য’ শীর্ষক এক গোলটেবিল আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
বাংলাদেশ ইয়ুথ ফোরাম আয়োজিত আলোচনা সভায় বিএনপির এই নেতা বলেন, আমরাও জঙ্গিবাদের বিরুদ্ধে। তবে তা আইন ও বিচারের ব্যবস্থার মাধ্যমে করার পক্ষে। গুলশান ও শোলাকিয়ার ঈদ জামাতে হামলাকারীদেরও একইভাবে কেন হত্যা করা হলো? বরং তাদের বাঁচিয়ে রেখে বিচার করলে আমরা প্রকৃত ঘটনা জানতে পারতাম।
বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের রায় প্রসঙ্গে মোয়াজ্জেম বলেন, উচ্চ আদালতের দুর্নীতির মামলায় তারেক রহমানকে দণ্ড দেওয়া হয়েছে। উচ্চ আদালত কিভাবে এই রায়ের বিরুদ্ধে বিচার করতে পারে? একদিন এসবেরও বিচার হবে। কারণ এই মামলায় তারেকের বিরুদ্ধে কেউ সাক্ষী দেয়নি।
সংগঠনের উপদেষ্টা আকবর হোসেন ভূঁইয়া নান্টুর সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য দেন, জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সভাপতি শফিউল আলম প্রধান, বিএনপি নেতা আনোয়ার হোসেন, ইউনুছ মৃধা, সংগঠনের সভাপতি মুহাম্মদ সাইদুর রহমান, সাধারণ সম্পাদক মাহবুবুল হক চৌধুরী প্রমুখ।
আরও পড়তে পারেন: ৯ জঙ্গির ময়নাতদন্ত হবে বুধবার
/এসআইএস/এমও/এমএসএম/








