দেশের উত্তরাঞ্চলসহ অন্যান্য জেলায় বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। তিনি জানিয়েছেন, তার দল এই গুরুতর সংকটে বন্যাকবলিত অসহায় মানুষের পাশে থাকবে। দেশের এই দুর্যোগময় পরিস্থিতিতে সরকার নির্লিপ্ত ও উদাসীন বলেও অবিযোগ করেছেন খালেদা।
মঙ্গলবার (২ আগস্ট) দুপুরে এক বিবৃতিতে খালেদা জিয়া এসব কথা বলেন।
তিনি বলেন, ‘দেশের উত্তরাঞ্চলসহ অন্যান্য জেলায় ভয়াবহ বন্যায় মানুষের প্রাণহানি, হাজার হাজার বাড়িঘর বিধ্বস্ত, ফসলি জমি ও ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতিতে দেশবাসীর মতো আমিও গভীরভাবে মর্মাহত। বন্যায় পানিতে ডুবে মৃত্যুবরণকারীদের পরিবার-পরিজন এবং দুঃখ দুর্দশায় পতিত বেঁচে থাকা মানুষদের সহানুভূতি জানানোর ভাষা আমার জানা নেই।’
বিবৃতিতে বলা হয়, বন্যা নিয়ন্ত্রণ বাঁধ, হাট-বাজার নদী ভাঙনের শিকার হচ্ছে। বেঁচে থাকার জন্য খাদ্য, সুপেয় পানি ও ওষুধের তীব্র সংকটে বন্যাকবলিত মানুষ চরম দুর্ভোগের মধ্যে পড়েছে। এ রকম দুর্যোগময় পরিস্থিতিতে সরকার নির্লিপ্ত ও উদাসীন। বন্যাকবলিত এলাকায় দুর্গত মানুষের সাহায্যে এখন পর্যন্ত ত্রাণ তৎপরতায় সরকার কোনও কার্যকর পদক্ষেপ নেয়নি।
তিনি অভিযোগ করেন, সরকারের সর্বনাশা নীতির কারণেই বেহাল রাস্তাঘাট, অসহনীয় বিদ্যুৎ বিভ্রাট এবং লাগামহীন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, অসহনীয় মুদ্রাস্ফীতিতে দেশ আজ বিপন্ন। তার ওপর এই বন্যার ভয়াবহ ব্যাপকতা বন্যাকবলিত মানুষকে চরম সংকটের দিকে ঠেলে দেবে।
খালেদা জিয়া বলেন, আমি উত্তরাঞ্চলসহ অন্যান্য জেলার বন্যা কবলিত মানুষদের ক্ষয়ক্ষতি কাটিয়ে ওঠার জন্য সরকার এবং বিএনপি’র সব পর্যায়ের নেতা-কর্মীসহ দলমত নির্বিশেষে সবাইকে দ্রুততার সঙ্গে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি।
বিবৃতিতে স্বাক্ষর করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
আরও পড়ুন-
মেজর জিয়া ও তামিম চৌধুরীকে ধরিয়ে দিতে ৪০ লাখ টাকা পুরস্কার ঘোষণা
আর্থিক কেলেঙ্কারিতে জড়িয়ে পড়ছেন কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারাও
/এসটিএস/এফএস/








