বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান অভিযোগ করেছেন, জঙ্গি নির্মূলে সরকারের আন্তরিকতা নেই। আন্তরিকতা থাকলে সরকার জঙ্গিদের হত্যা না করে নাটের গুরুদের হদিস বের করতে সচেষ্ট হতো।
মঙ্গলবার দুপুরে নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ করেন।
নজরুল ইসলাম খান দাবি করেন, জঙ্গিবাদ দমনের পরিবর্তে বিরোধীদলগুলোকে অভিযুক্ত করতেই সরকার ও আওয়ামী লীগ নেতাদের আগ্রহ বেশি। এ কারণে জঙ্গিবাদ-উগ্রবাদ আরও শক্তিশালী ও বেপরোয়া হয়েছে। এ থেকে প্রমাণ হয়, বিএনপি নয় বরং ক্ষমতাসীনরাই কৌশলে উগ্রবাদীদের অপতৎপরতা চালিয়ে যাওয়ার সুযোগ দিচ্ছে।
দেশের বন্যা পরিস্থিতি নিয়ে বিএনপির এই নেতা বলেন,বানভাসীদের দুর্দশা কমাতে সরকার তেমন কোনও কার্যকর পদক্ষেপ নেয়নি। এটা শুধু দুর্ভাগ্যজনক নয়; নিন্দনীয়ও বটে।
নজরুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রী থেকে শুরু করে সরকারের মন্ত্রী-এমপিরা বলছেন, জঙ্গিবাদের সঙ্গে বিএনপির সখ্যতা আছে। আমরা এ ধরনের বক্তব্যের তীব্র নিন্দা জানাচ্ছি। বিএনপি বরাবরই বলে আসছে জঙ্গিদের গ্রেফতার করে এর উৎস বের করতে।
‘শেখ মুজিবুর রহমানকে হত্যার পর বিএনপি তার চরিত্র হনন করতে চেয়েছিল’ প্রধানমন্ত্রীর এমন বক্তব্যেরও নিন্দা জানান নজরুল ইসলাম খান। তিনি বলেন,জিয়াউর রহমান কখনও শেখ মুজিবুর রহমান সম্পর্কে কোনও অশালীন কিংবা আক্রমণাত্মক বক্তব্য দিয়েছেন-এমন দৃষ্টান্ত নেই।
সংবাদ সম্মেলনে রামপাল বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের বিরোধিতাও করেন এই বিএনপি নেতা।
আরও পড়তে পারেন: সব পিস স্কুল বন্ধের নির্দেশ
এসটিএস/এআরএল/এমএসএম/








