বিরোধীদলীয় নেত্রী ও জাপার সিনিয়র কো-চেয়ারম্যান রওশন এরশাদ বলেছেন, দেশে গণতন্ত্র সুপ্রতিষ্ঠিতই আছে। নির্বাচন কমিশনের (ইসি) মেয়াদ শেষ হচ্ছে। নতুন করে ইসি গঠনে রাষ্ট্রপতির উদ্যোগ ইতিবাচক। তার সঙ্গে আমাদের আন্তরিক পরিবেশে কথা হয়েছে। আমরা আশাবাদী তিনি আন্তরিকতার সঙ্গেই ইসি গঠনে উদ্যোগী হবেন।
মঙ্গলবার বিকালে রাষ্ট্রপতির সঙ্গে বঙ্গভবনে বৈঠক শেষে কাকরাইলে জাতীয় পার্টির কার্যালয়ের সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
এসময় এক সাংবাদিক প্রশ্ন করেন, গতবারের ইসি গঠনের পর বলা হয়েছিল ইসি গঠন সুষ্ঠু হয়নি, নির্বাচন কমিশনাররা নিরপেক্ষ নন, এবার কি ভাবছেন? এর উত্তরে তিনি বলেন, ‘এবার ভালো কিছু আসবে।’
সংবাদ সম্মেলনে জাতীয় পার্টির মহাসচিব রুহুল আমিন হাওলাদারও বলেন, ‘আলোচনা আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। আমরা বিশ্বাস করি ইসি গঠনে রাষ্ট্রপতি আন্তরিক ভাবে কাজ করবেন।’
সংবাদ সম্মেলনে কো-চেয়ারম্যান জিএম কাদের, প্রেসিডিয়াম সদস্য জিয়া উদ্দিন আহমেদ বাবলু, মশিউর রহমান রাঙা, সৈয়দ আবু হোসেন বাবলাসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন।
/এসটিএস/টিএন/








