শ্রমিকদের ন্যায্য দাবি মনে নেওয়া ও আশুলিয়ায় আটক শ্রমিক নেতাদের মুক্তির দাবি করেছে গণতান্ত্রিক বাম মোর্চা। মঙ্গলবার (২৭ ডিসেম্বর) বিকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এক বিক্ষোভে এ দাবি করেন মোর্চার সমন্বয়ক ফিরোজ আহমেদ।
সমাবেশে বাম মোর্চার সমন্বয়ক ও গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় রাজনৈতিক পরিষদের সদস্য ফিরোজ আহমেদ বলেন, ‘শ্রমিকদের দাবির ভিত্তিতে কারখানা খুললেও গ্রেফতার, মামলা, হামলা, বরখাস্ত করা অব্যাহত রেখে শ্রমিকাঞ্চলে আতঙ্কের পরিবেশ সৃষ্টি করে রাখা হয়েছে।’
সমাবেশে বলা হয়, শ্রমিক নেতা সৌমিত্র কুমার, সুজনসহ মোট ২৭ জনকে গ্রেফতার করা হয়েছে। মামলা করা হয়েছে হাজারও শ্রমিকের বিরুদ্ধে। এছাড়া অজ্ঞাতনামা দেখিয়ে বহু শ্রমিকদের বিরুদ্ধে মামলা করে যেকোনও শ্রমিককে সেই মামলায় নির্যাতন করার সুযোগ তৈরি করা হয়েছে।
সমাবেশে বক্তারা বলেন, উইন্ডিতে ১২১ জন, ফ্যান্টনে ১২৫ জন ও হামীমে ৯১জন শ্রমিককে তালিকাভুক্ত করে বরখাস্ত করে শ্রমিকদের মত প্রকাশের স্বাধীনতা কেড়ে নেওয়া হচ্ছে। মালিক পক্ষ শ্রমিকদের যেসব কারণ দেখিয়ে অভিযুক্ত করেছেন সেগুলো লজ্জাজনক বলে অভিহিত করে নিন্দা জানান নেতারা। তারা অবিলম্বে আটক শ্রমিক নেতাদের মুক্তির দাবি করেন।
সমাবেশে আরও বক্তব্য রাখেন বাসদ (মার্কসবাদী) কেন্দ্রীয় নেতা শুভ্রাংশু চক্রবর্তী, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, বাংলাদেশের ইউনাইটেড কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন নান্নু, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির নেতা মোশরেফা মিশু, বাংলাদেশের সমাজতান্ত্রিক আন্দোলনের আহবায়ক হামিদুল হক প্রমুখ।
/এসটিএস/টিআর/







