আওয়ামী লীগ না করেও অনেক মানুষ বঙ্গবন্ধুর আদর্শ বিশ্বাস করে। কিন্তু বিএনপি রাজনৈতিক কারণে বঙ্গবন্ধুকে অস্বীকার করে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। শনিবার (২৫ মার্চ) জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে ডেমোক্রেটিক অ্যালায়েন্স আয়োজিত ‘২৫ মার্চের গণহত্যা ও লাখো প্রাণের বিনিময়ে অর্জিত স্বাধীনতা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম বলেন, ‘বিএনপি ইতিহাস বিকৃতি করে খুনি জিয়াকে স্বাধীনতার ঘোষক বানাতে চেয়েছে। কিন্তু বাংলার জনগণ তাদের কোনোদিন গ্রহণ করেনি, করবেও না।’ তিনি আরও বলেন, ‘বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নে কাজ করে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশে থাকতে হলে এই আদর্শকে মেনে অসাম্প্রদায়িক চেতনা নিয়ে থাকতে হবে। এর কোনও বিকল্প নেই। এক্ষেত্রে অন্য কোনও আচরণ চলবে না।’
পাকিস্তানের দোসর বিএনপি জামায়াতকে ২০১৯ সালের নির্বাচনে পরাজিত করে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসবে বলে আশাবাদ ব্যক্ত করেন স্বাস্থ্যমন্ত্রী।
জাতীয় গণহত্যা দিবস প্রসঙ্গে মোহাম্মদ নাসিম বলেন, ‘প্রতি বছর বাংলাদেশে গণহত্যা দিবস পালন করা হয়। কিন্তু এবারের প্রেক্ষাপট একটু ব্যতিক্রম। এবারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আন্তর্জাতিকভাবে এই গণহত্যা দিবস পালনের জন্যে সর্বসম্মতভাবে সংসদে প্রস্তাব পাস হয়েছে। পরবর্তীতে মন্ত্রিসভায়ও এ নিয়ে আলোচনা হয়েছে। যারা স্বাধীনতার জন্য জীবন দিলেন, আন্তর্জাতিক ও রাষ্ট্রীয়ভাবে সম্মান না পেলে তাদের ত্যাগ মূল্যহীন করা হবে।’
ডেমোক্রেটিক অ্যালায়েন্সের প্রধান সমন্বয়ক এনডিপির পার্টির চেয়ারম্যান আলম মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে ছিলেন বাংলাদেশের সাম্যবাদী দলের (এম.এল) সাধারণ সম্পাদক কমরেড দিলীপ বড়ুয়া, জাগো দলের চেয়ারম্যান আব্দুল মালেক চৌধুরী, বাংলাদেশ পিপলস পার্টির চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই মন্ডল প্রমুখ।
/আরএআর/জেএইচ/








