সংবাদ সম্মেলন শেষে সাধারণত সাংবাদিকদের সঙ্গে প্রশ্নোত্তর পর্ব এড়িয়ে গেলেও আজ বুধবার অন্য রূপে দেখা দিলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। বিকালে গুলশানে তার রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলন শেষে সাংবাদিকদের অনেক প্রশ্নের উত্তর দিয়েছেন তিনি, যা গত কয়েক বছরে প্রায় বিরল হয়ে উঠেছিল।
গত কয়েকবছর সংবাদ সম্মেলনের জন্য সাংবাদিকরা খালেদা জিয়ার সামনে হাজির হলেও তিনি তার বক্তব্য শেষে কোনও প্রশ্ন গ্রহণ করেননি। সর্বশেষ একবছর আগে তিনি একটি সংবাদ সম্মেলনে কিছু প্রশ্নের জবাব দিয়েছিলেন, তারপর কোনও সংবাদ সম্মেলনেই আর কোনও প্রশ্ন নেননি। তবে আজ বিকালে গুলশানে নিজ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর শেখ হাসিনার ভারত সফর বিষয়ে নিজের বক্তব্য শেষে বিভিন্ন বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন তিনি।
এসময় শেখ হাসিনার সফর জনগণ ব্যর্থ মনে করেন কিনা সেবিষয়ে বিএনপি কী মনে করে এমন প্রশ্নের জবাবে খালেদা বলেন, ‘আমরা জনগণের সাথে আছি। জনগণ যা মনে করে আমরাও তাই মনে করি।’
বারবার দলীয়ভাবে প্রধানমন্ত্রী দেশ বিক্রি করে দিচ্ছেন বলে বিএনপির পক্ষ থেকে দাবি তোলা হয়। দেশবিক্রি প্রসঙ্গে তিনি কি মনে করেন প্রশ্ন করা হলে রহস্য সৃষ্টি করে প্রশ্নকর্তাকে খালেদা জিয়া পাল্টা বলেন, ‘আপনি সাংবাদিক, আপনারা বেশি জানেন।’
রামপাল বিদ্যুৎকেন্দ্র নিয়ে কোনও আলোচনা হয়নি, সেক্ষেত্রে বিএনপি কোনও কর্মসূচি দেবে কিনা জানতে চাইলে খালেদা বলেন, ‘আমরা আগেও অনেক কর্মসূচি নিয়েছি, আরও নেবো। এ সময় রামপাল বিদ্যুৎকেন্দ্র হলে ভারতও ক্ষতিগ্রস্ত হবে বলেও মন্তব্য করেন তিনি।
আগামী নির্বাচনে ভারতের প্রভাব বিস্তারের আশংকা আছে কিনা এমন প্রশ্নের জবাবে সাংবাদিকদের খালেদা বলেন, ‘আমরা সব সময় বলেছি, বিএনপি সব সময় জনগণের রায়ে ক্ষমতায় এসেছে।আমরা চাই কোনও দেশ বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে কোনও হস্তক্ষেপ না করুক।’
এসময় সুপ্রিম কোর্টের ‘মূর্তি’ প্রসঙ্গে প্রশ্ন করা হলে খালেদা জিয়া বলেন, ‘এটা আমাদের ব্যাপার নয়, এটা প্রধান বিচারপতি বিচার করবেন—তিনি কি করবেন না করবেন।’
/সিএ/ইউআই/টিএন/








