রাজধানীর শেরেবাংলা নগর থানায় দায়ের করা বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের করা মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কুদ্দুস তালুকদার দুলু ও হাবিব-উন-নবী খান সোহেলসহ ১৮ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।
মঙ্গলবার (৩০ মে) ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক মো. কামরুল হোসেন মোল্লা মামলাটির অভিযোগপত্র আমলে নিয়ে পলাতক আসামিদের বিরুদ্ধে এ পরোয়ানা জারি করেন।
রাষ্ট্রপক্ষের অতিরিক্ত কৌসুলী তাপস কুমার পাল বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এ মামলায় হাবিব-উন-নবী খান সোহেল জামিনে ছিলেন। কিন্তু তার পক্ষে মঙ্গলবার তার আইনজীবী আদালতে কোনও পদক্ষেপ না নেওয়ায় জামিন বাতিল করেন বিচারক।’
আদালত পলাতক আসামিদের গ্রেফতার করা গেলো কিনা সে সম্পর্কে প্রতিবেদন দাখিল করতেআগামী সাত জুলাইয়ের মধ্যে শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন।
এছাড়া কারাগারে আটক বরকত উল্লাহ বুলুর পক্ষে জামিনের আবেদন করা হলে বিচারক তা নাকচ করে দেন।
মামলার আসামি বিএনপি নেতা রুহুল কবির রিজভী ও আমান উল্লাহ আমানের পক্ষে আদালতে সময় চেয়ে আবেদন জানানো হলে বিচারক তা মঞ্জুর করেন।
মামলার এজাহারে বলা হয়, ২০১৫ সালের ২৪ জানুয়ারি সারাদেশে ২০ দলীয় ঐক্যজোটের ডাকা হরতাল ও অবরোধে শেরেবাংলা নগর থানাধীন শিশুপল্লীর সামনে আসামিরা যাত্রীবাহী বাসে যাত্রীদের হত্যার উদ্দেশ্যে রাস্তা অবরোধ করে ককটেল নিক্ষেপ এবং গাড়ি ভাঙচুর করেন।
এ অভিযোগে শেরেবাংলা নগর থানার উপ-পরিদর্শক মো. তোফাজ্জল হোসেন বাদী হয়ে আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
মামলার তদন্তত কর্মকর্তা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের পরিদর্শক মনিরুল ইসলাম ২৯ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন গত বছরের ৩১ ডিসেম্বর।
/টিপু/এসএমএ/








