বাংলাদেশকে আবারও সন্ত্রাসী রাষ্ট্রে পরিণত করতে বিএনপি ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ড. আব্দুর রাজ্জাক। তিনি বলেন, ‘নির্বাচনের নামে খালেদা জিয়া আবার দেশকে অকার্যকর করার জন্য ষড়যন্ত্র করছে। এ থেকে সবাইকে সচেতন থাকতে হবে।’
রবিবার (৩০ জুলাই) বঙ্গবন্ধু এভিনিউয়ে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত বর্ধিত সভায় তিনি এ কথা বলেন।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদৎ বার্ষিকী, জাতীয় শোক দিবস ও শোকের মাস আগস্ট উপলক্ষে মাসব্যাপী বিস্তারিত কর্মসূচি চূড়ান্ত করতেই এই বর্ধিত সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেন, ‘দুর্নীতির মামলা থেকে পালানোর জন্যই বেগম খালেদা জিয়া লন্ডনে গেছেন। আর লন্ডনে বসে তিনি জাতীয় নির্বাচনকে বানচাল করতে এক-এগারোর জাতীয়-আন্তর্জাতিক কুশীলবদের সঙ্গে ষড়যন্ত্র করছেন।’
কামরুল ইসলাম আরও বলেন, খালেদা জিয়া হাইকোর্ট, সুপ্রিম কোর্ট দেখিয়ে মামলাকে অনেক বিলম্বিত করেছেন। এখন মামলা যখন শেষ পর্যায়ে আর কোনও কারণ দেখিয়ে যখন মামলা বিলম্বিত করা যাচ্ছে না; তখন তিনি লন্ডন পালিয়ে গিয়েছেন। কোনও অশুভ শক্তিকে আবার কিভাবে বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় বসানো যায়, সেই ষড়যন্ত্রে তিনি লিপ্ত রয়েছেন।
ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি হাজী আবুল হাসনাতের সভাপতিত্বে সভায় মহানগর দক্ষিণ আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মো. শাহে আলম মুরাদ, সহ-সভাপতি মোঃ হুমায়ুন কবির, যুগ্ম সাধারণ সম্পাদক কামাল চৌধুরী, আবদুল হক সবুজ ও ডা. দিলীপ রায়, সাংগঠনিক সম্পাদক গোলাম আশরাফ তালুকদার ও কাজী মোর্শেদ কামাল প্রমুখ বক্তব্য রাখেন।
/ইএইচএস/এসএমএ/








