স্বাধীনতা-সার্বভৌমত্ব বিরোধী কোনও দল বা শক্তিকে নিবন্ধন না দেওয়াসহ ১৫ দফা লিখিত প্রস্তাব নির্বাচন কমিশনে দিয়েছে বাংলাদেশ খেলাফত মজলিস। মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) দলটির মহাসচিব মাওলানা মাহফুজুল হকের নেতৃত্বে ১৩ সদস্যের প্রতিনিধি দল নির্বাচন কমিশনের সংলাপে অংশ গ্রহণ করে। এসময় দলের পক্ষ থেকে ১৫ দফা লিখিত প্রস্তাব পেশ করা হয়। সংলাপে সভাপতিত্ব করেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা।
বাংলাদেশ খেলাফত মজলিসের ১৫ দফা প্রস্তাব হচ্ছে- নির্বাচনে সব দলের অংশগ্রহণ নিশ্চিত করতে নিরপেক্ষ অস্থায়ী সরকারের অধীনে নির্বাচন পরিচালনা করা। নির্বাচনী কার্যক্রম শুরুর দিন থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়সহ কমিশনসংশ্লিষ্ট অন্যান্য মন্ত্রণালয় নির্বাচন কমিশনের অধীনে রাখা।নির্বাচনের সাত দিন আগে থেকে নির্বাচনের ৭২ ঘণ্টা পর পর্যন্ত সেনাবাহিনী মোতায়েন করা। নির্বাচনে ব্যক্তিগত প্রচার নিষিদ্ধ করে নির্বাচন কমিশন থেকে সব প্রার্থীর প্রচারণার ব্যবস্থা করা। একই পোস্টারে সব প্রার্থীর পরিচয় ও প্রতীক এবং একই মঞ্চে সকল প্রার্থীর বক্তৃতার আয়োজন করা। নির্বাচন সংক্রান্ত মামলা সর্বোচ্চ ছয় মাসের মধ্যে মাধ্যমে নিষ্পত্তি করা। আগের সব জাতীয় নির্বাচনের আসন সীমানাকে সামনে রেখে এবং নির্বাচন কমিশনের গৃহীত কর্মপরিকল্পনার আলোকে নতুনভাবে সংসদীয় আসন পুনর্বিন্যাস করা। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু নিরপেক্ষ ও গ্রহণযোগ্য করতে অতীতের আইনে যেসব প্রতিবন্ধকতা আছে, তা দূর করার জন্য একজন কমিশনারের নেতৃত্বে একটি কমিটি গঠন করা। নির্বাচন সংশ্লিষ্ট সব আইন বাংলা ভাষায় রূপান্তর ও সর্বজনবোধগম্য করে প্রকাশ করা। ধর্ম ও দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব বিরোধী কোনও দল বা শক্তিকে নিবন্ধন না দেওয়া। রাজনৈতিক দলের নিবন্ধনের জন্য ধর্মের সঙ্গে সাংঘর্ষিক, কিংবা বিরোধপূর্ণ কোনও আইন ও শর্ত আরোপ না করা । নির্বাচনী তফসিল ঘোষণার পূর্বে সংসদ ভেঙে দেওয়া। নির্বাচন চলাকালীন সময়ে সকল অবৈধ অস্ত্র উদ্ধার ও লাইসেন্স করা অস্ত্র জমা নেওয়ার কার্যকর পদক্ষেপ গ্রহণ করা। অনলাইনে মনোনয়নপত্র জমা দেওয়ার ব্যবস্থা করা। নিরপেক্ষভাবে ভোটের সংবাদ সম্প্রচারে মিডিয়ার উপর কোনোরূপ বাধা সৃষ্টি না করা। প্রতিটি ভোট কেন্দ্র সিসি ক্যামরার আওতায় আনা । প্রবাসী ভোটারদের ভোট গ্রহণে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা।
১৩ সদস্যের প্রতিনিধি দলে ছিলেন, দলটির নায়েবে আমির মাওলানা যোবায়ের আহমদ আনসারী,মাওলানা রেজাউল করিম জালালী, যুগ্ম-মহাসচিব মাওলানা মামুনুল হক,সাংগঠনিক সম্পাদক মাওলানা কোরবান আলী কাসেমী, মাওলানা বদিউজ্জামান, মাওলানা আব্দুল আজিজ, অফিস ও বায়তুল মাল সম্পাদক মাওলানা আজিজুর রহমান হেলাল, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা এনামুল হক নূর, প্রচার ও প্রকাশনা সম্পাদক মাওলানা মুহসিনুল হাসান, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মাওলানা হারুনুর রশীদ ভূইয়া,নির্বাহী সদস্য মাওলানা সিরাজুল ইসলাম সিরাজী, ঢাকা মহানগরীর সভাপতি মাওলানা এনামুল হক মূসা।
আরও পড়ুন:








