রোহিঙ্গা ইস্যুতে নিরাপত্তা পরিষদে রাশিয়া ও চীন যেন ভেটো ক্ষমতা প্রয়োগ করতে না পারে, সেজন্য সরকারকে কূটনৈতিক তৎপরতা জোরদার করার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘রোহিঙ্গা ইস্যুতে আমাদের কূটনৈতিক প্রক্রিয়া অব্যাহত রাখতে হবে শুধু নয়, আরও জোরদার করতে হবে। যাতে করে চীন-রাশিয়া তাদের ভেটো দেওয়া বন্ধ করতে পারে এবং এই সুস্থ মানুষদের পাশে এসে সবাই দাঁড়াতে পারে।’
বুধবার দুপুরে কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গাদের মধ্যে ত্রাণ বিতরণের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই আহ্বান জানান।
ফখরুল বলেন, ‘আমরা খুব পরিষ্কার করে বলেছি, রোহিঙ্গাদের যারা এসেছে, তাদেরকে এখানে স্থায়ীভাবে বসবাসের কথা আমরা বলিনি। আমরা বলেছি, সাময়িকভাবে তাদের আশ্রয় দিতে হবে। মানবিক কারণে তাদের আশ্রয় দিতে হবে।’
তিনি বলেন, ‘আমরা অসহায় রোহিঙ্গাদের পাশে দাঁড়ানোর জন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে সবার প্রতি আহ্বান জানাচ্ছি।’
বিএনপি মহাসচিব বলেন, ‘সেনাবাহিনীকে সম্পৃক্ত করার জন্য আমরা প্রথম থেকেই দাবি করে আসছিলাম। তারা দায়িত্ব গ্রহণের পর ত্রাণ বিতরণে শৃঙ্খলা ফিরে এসেছে।’
ফখরুল আরও বলেন, ‘আমরা বলতে চাই, এই কর্মকাণ্ডে জনবল বাড়াতে হবে। স্বাস্থ্য সেবাবৃদ্ধি করতে এবং রোহিঙ্গাদের আশ্রয়ের জন্য অস্থায়ী ঘর-বাড়ি তৈরি করতে হবে।’
২৫ আগস্ট মিয়ানমার থেকে রোহিঙ্গাদের পালিয়ে আসার ঘটনা প্রবাহের কথা উল্লেখ করে এক্ষেত্রে বিএনপি চেয়ারপারসনের বিবৃতি প্রদান, দলের কেন্দ্রীয় রিলিফ টিম গঠন ও ত্রাণ সামগ্রী বিতরণসহ নানা পদক্ষেপ তুলে ধরে ফখরুল।
রোহিঙ্গা শরণার্থীদের মধ্যে ত্রাণ বিতরণ করতে মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) বিকালে বিমানযোগে কক্সবাজার পৌঁছান বিএনপি মহাসচিব।
বুধবার সকালে উখিয়া কলেজ মাঠে সেনাবাহিনীর ত্রাণ ভাণ্ডারে দুই ট্রাক ত্রাণ সামগ্রী হস্তান্তর করেন মির্জা ফখরুল। ক্যাম্পের কর্মকর্তা মেজর রফিক এসব ত্রাণ সামগ্রী গ্রহণ করেন।
এ সময়ে দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান এজেডএম জাহিদ হোসেন, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আবদুস সালাম, কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান সারোয়ার, ফজলুল হক মিলন, শহীদউদ্দিন চৌধুরী অ্যানি, কামরুজ্জামান রতন, লুৎফর রহমান কাজল, মাহবুবুর রহমান শামীম, শরীফুল আলম, শহীদুল ইসলাম বাবুল, আমিরুজ্জামান খান শিমুল,শায়রুল কবির খান, উখিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান সারোয়ার জাহান চৌধুরী, জেলা ছাত্রদলের সভাপতি রাশেদুল হক রাসেলসহ অঙ্গ সংগঠন ও জেলা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে বিএনপি মহাসচিব উখিয়ার বাগগুনা, বালুখালী ও থাইমখালী রোহিঙ্গা শরণার্থীদের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করেন। এগুলোর মধ্যে ত্রিপল, জামা-কাপড়, হাড়ি-পাতিল, খাদ্য সামগ্রী, ওষুধপত্র,টিউবওয়েল প্রভৃতি রয়েছে।
বিএনপি মহাসচিব ডক্টর অ্যাসোসিয়েশনের মেডিক্যাল স্বাস্থ্য সেবা কেন্দ্রও পরিদর্শন করেন।
বিএনপির মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান জানান, বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১০ টায় মির্জা ফখরুল কক্সবাজার বিএনপি কার্যালয়ে সংবাদ সম্মেলন করবেন। এরপর বিমানে ঢাকায় ফিরে কেরানীগঞ্জের পূজামণ্ডপে যাবেন। সেখান থেকে ঢাকেশ্বরী মণ্ডপ পরিদর্শন করবেন।
আরও পড়ুন:
জ্বালিয়ে দেওয়া গ্রামগুলোর দখল নেবে মিয়ানমার, 'পুনঃউন্নয়নমূলক' কর্মকাণ্ডের পরিকল্পনা








