বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে মঙ্গলবার সারাদেশে বিক্ষোভ পালন করেছে দলটি। পাশাপাশি বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোও দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল করেছে।
গতকাল সোমবার (২৩ অক্টোবর) তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হলে সংগঠনগুলো এ বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছিল।
যুবদল দাবি করেছে, সংগঠনটি সারাদেশের বিভিন্ন জেলা সদর ও মহানগরীতে বিক্ষোভ পালন করেছে।
বিক্ষোভ করেছে স্বেচ্ছাসেবক দলের ঢাকা মহানগর কমিটিগুলো। কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজের নেতৃত্বে গুলিস্তান এলাকায় মিছিল করে সংগঠনের নেতাকর্মীরা।
ছাত্রদলের দফতর সম্পাদক আবদুস সাত্তার পাটোয়ারী জানান,তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে দেশের সব জেলা, মহানগর ও বিশ্ববিদ্যালয়গুলোতে ঘোষিত বিক্ষোভ কর্মসূচি পালন করেছে ছাত্রদল।
ছাত্রদল কেন্দ্রীয় সংসদ সকাল ৯টায় রাজধানীর হাতিরপুল থেকে কাঁটাবন অভিমুখে রওনা হলে পুলিশের বাধার কারণে তাৎক্ষণিক সমাবেশ করে। ওই সময় আইনশৃংখলাবাহিনী কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক সুলতান মাহফুজ ও সহ-অর্থ সম্পাদক আশরাফুল আলম ফকির লিঙ্কনকে গ্রেফতার করে।
মঙ্গলবার কাঁটাবন এলাকায় বিক্ষোভ করে ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা। সংগঠনের সহ সভাপতি নজরুল ইসলাম নাহিদের নেতৃত্বে মিছিলে ঢাবির বিভিন্ন হলের শিক্ষার্থীরা অংশ নেয়। ঝটিকা মিছিল শেষে নজরুল ইসলাম বলেন, অবিলম্বে তারেক রহমানের নামে মিথ্যা পরোয়ানা প্রত্যাহার না করা হলে সারাদেশে দুর্বার গণআন্দোলন গড়ে তোলা হবে।
এদিকে এক বিবৃতিতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ভয়াবহ দুঃশাসন ও নিষ্ঠুরতার কারণে জনবিচ্ছিন্ন হয়ে নিষ্ঠুরতার আরও ভয়াবহ পথে অগ্রসর হচ্ছে বর্তমান শাসকগোষ্ঠী। সাধারণ মানুষসহ বিএনপি এবং দেশের বিরোধী দলগুলোকে আর দমিয়ে রাখা যাবে না ভেবেই সরকার এখন নেতাকর্মীদের শান্তিপূর্ণ যেকোনও কর্মসূচির ওপর পুলিশ দিয়ে বর্বর হামলার মাত্রা তীব্র থেকে তীব্রতর করেছে।
মির্জা ফখরুল কুমিল্লায় বিএনপির বিক্ষোভে পুলিশের গুলিবর্ষণের অভিযোগ আনেন বিবৃতিতে।








