বিএনপিকে সময় নষ্ট না করে আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছেন ক্ষমতাসীন দল আওয়ামী লীগ নেতারা। নির্বাচন সংবিধান অনুযায়ী হবে এবং একচুল পরিমাণও এর বাইরে যাওয়ার সুযোগ নেই বলে উল্লেখ করেছেন তারা।
মঙ্গলবার (১৯ ডিসেম্বর) দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম এবং আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ এসব কথা বলেন। বিজয় দিবস উপলক্ষে এই আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ স্বাধীনতা পরিষদ।
খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বলেন, ‘বিএনপিকে বলবো অহেতুক মিথ্যাচার ও উদ্ভট দাবি দাওয়ার কথা বলে সময় নষ্ট করবেন না। আগামী বছর বিজয় দিবসের মাসে জাতীয় নির্বাচন হবে, সেই নির্বাচনের প্রস্তুতি গ্রহণ করুন। সংবিধানের মধ্যে থেকে নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন পরিচালনা করবে নির্বাচন কমিশন। নির্বাচন সুষ্ঠু ও নিরেপক্ষ হবে। সংবিধান অনুযায়ী নির্বাচনকালীন সরকারের প্রধান থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সংবিধানের বাইরে একচুল যাওয়া সম্ভব নয়।’
তিনি আরও বলেন, ‘আগামী নির্বাচন হবে মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি ও মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তির মধ্যে। স্বপক্ষের নেতৃত্ব দিবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আর বিপক্ষের শক্তির নেতৃত্ব দিবেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। আমরা বিশ্বাস করি উন্নয়নের চাকাকে চলমান রাখতে মানুষ শেখ হাসিনাকে আবারও ভোট দিয়ে রাষ্ট্র ক্ষমতায় বসাবে। বিএনপি আগামী নির্বাচনে জয়লাভ করতে পারবে না জেনে এখন থেকেই মিথ্যাচার শুরু করেছে।’
আলোচনা সভায় আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদও বিএনপিকে আগামী নির্বাচনের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, ‘বিএনপিকে বলবো সময় নষ্ট না করে আগামী নির্বাচনের প্রস্তুতি নিন। সংবিধান অনুযায়ী আগামী বছর নির্বাচন হবে। আমরা চাই সব দল সেই নির্বাচনে অংশগ্রহণ করুক।’
রংপুর সিটি করপোরেশন নির্বাচন নিয়ে বিএনপির বিভিন্ন অভিযোগ প্রসঙ্গে হাছান মাহমুদ বলেন, ‘ফখরুল সাহেব মনে হয় বুঝতে পারছেন এ নির্বাচনে তাদের প্রার্থী দুই নম্বরও হতে পারবেন না। এ কারণে আগে থেকে তিনি উল্টাপাল্টা কথাবার্তা বলতে শুরু করেছেন।’
‘আওয়ামী লীগ নেতাদের বক্তব্য দুপুর বেলার বট গাছের নিচের ভুতের মতো’ বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভীর এ বক্তব্যের প্রতিক্রিয়ায় হাছঅন মাহমুদ বলেন, ‘আমি ভূতের গল্প শুনেছি ছোটবেলায়। তবে কখনও ভূত দেখিনি। তবে রিজভীকে বলবো, ভৌতিক সিনেমার বাস্তর রূপ হচ্ছেন আপনার নেত্রী খালেদা জিয়া।’
আয়োজক সংগঠনের উপদেষ্টা জাকির হোসেনের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদসহ অন্য নেতাকর্মীরা।








