রাজধানীর নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শুক্রবার (৫ জানুয়ারি) অতিরিক্ত পুলিশ উপস্থিতি দেখা গেছে। যদিও প্রশাসনের দাবি, বাড়তি নিরাপত্তা নয়, এটি নিয়মিত ডিউটি।
সরেজমিনে দেখা যায়, ৫ জানুয়ারিকে কেন্দ্র করে নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। কার্যালয়ের পাশে সারিবদ্ধভাবে রাখা হয়েছে এপিসি, জলকামান, প্রিজন ভ্যান। এ প্রসঙ্গে পল্টন থানার ওসি মাহমুদুল হক বাংলা ট্রিবিউনকে বলেন, বাড়তি কোনও নিরাপত্তা নয়, এটা নিয়মিত ডিউটির অংশ।
এদিকে অন্যদিন নয়া পল্টন বিএনপির নেতাকর্মীদের উপস্থিতিতে মুখরিত থাকলেও আজ ৫ জানুয়ারি বেলা সাড়ে ১১ পর্যন্ত তাদের তেমন একটা উপস্থিতি দেখা যায়নি।
প্রসঙ্গত, ২০১৪ সাল থেকে এ দিনটিকে বিএনপি গণতন্ত্র হত্যা দিবস হিসেবে পালন করে আসছে।
এদিকে ৫ জানুয়ারি উপলক্ষে বিএনপি ঢাকায় প্রথমে সোহরাওয়ার্দী উদ্যান ও পরবর্তীতে নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশের জন্য অনুমতি চেয়ে আবেদন করে। কিন্তু বৃহস্পতিবার ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) অনুমতি না দিয়ে জানিয়ে দেয়, ঢাকায় সমাবেশ করতে হলে বিএনপিকে জানুয়ারির শেষ সপ্তাহ পর্যন্ত অপেক্ষা করতে হবে। আর কার্যালয়ের সামনে জনদুর্ভোগের কথা বিবেচনা করে সমাবেশের জন্য অনুমতি দেওয়া যাচ্ছে না।
এদিকে শুক্রবার বেলা ১১ টায় সংবাদ সম্মেলন করে শনিবার ঢাকা মহানগরীর প্রতিটি থানায় বিক্ষোভ কর্মসূচির ঘোষণা করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।








