মন্ত্রিসভায় অনুমোদিত ‘ডিজিটাল নিরাপত্তা আইন-২০১৮’ এর কারণে স্বাধীন গণমাধ্যম ও সাংবাদিকতা হুমকির মুখে পড়বে। এই আইন মত প্রকাশের স্বাধীনতাকে হরণ করবে। সরকার মিডিয়াকে কব্জা করতে অসৎ উদ্দেশ্যে এই আইন করেছে। সাংবাদিকদের হাত-পা বাঁধার জন্য এই আইনই যথেষ্ট। ডিজিটাল নিরাপত্তা আইনের ৩২ ধারা বাতিলের দাবি জানিয়ে এসব কথা বলেছেন ইসলামী আন্দোলনের ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মাওলানা ইমতিয়াজ আলম।
মঙ্গলবার (৩০ জানুয়ারি) বিকালে ডেমরায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
মাওলানা ইমতিয়াজ আলম বলেন, ‘এই আইন পাস হলে সাংবাদিকরা তথ্য পাবেন না। আর তথ্য পেলেও মামলার ভয়ে তা প্রকাশ করতে পারবেন না। ফলে দেশবাসী প্রকৃত সংবাদ পাওয়া থেকে বঞ্চিত হবে।’
তিনি বলেন, ‘আমরা মনে করি, প্রস্তাবিত এই আইন দেশ এবং জাতিকে গভীর সংকটের দিকে ঠেলে দেবে। আইনের সুযোগ নিয়ে একশ্রেণির অন্যায়কারী নিজেদের হীন স্বার্থে আরও সুবিধা আদায় করবে। মানহানির অজুহাতে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা করে অবাধ তথ্য প্রবাহের ধারাকে বাধাগ্রস্ত করবে। আর এই আইন এদের হাতে সে অস্ত্র তুলে দেবে। বাক স্বাধীনতা হরণের এই কালো আইন অবিলম্বে প্রত্যাহার করতে হবে। পৃথিবীর কোনও দেশেই আইন করে সাংবাদিকদের নিয়ন্ত্রণ করা সুখকর হয়নি। তাই বাংলাদেশেও এই আইন সুখকর হবে না।’
একই সঙ্গে অতীতের ৫৭ ধারায় সাংবাদিকদের বিরুদ্ধে যে সব মামলা করা হয়েছে, তা প্রত্যাহার করার জোর দাবি জানান ইমতিয়াজ আলম।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন মহানগর দক্ষিণের সহ-সভাপতি আলতাফ হোসেন, ওবায়দুল্লাহ বরকত, নকীব বিন হুসাইন ও জামান মোস্তাফা।








