আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের কখনও কখনও এমনভাবে কথা বলেন যেন তিনি বিএনপির নীতিনির্ধারক। এমন মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
রবিবার (১৮ ফেব্রুয়ারি) বিকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
রুহুল কবির রিজভী বলেন, “ওবায়দুল কাদের গতকাল শনিবার (১৭ ফেব্রুয়ারি) বলেছেন, ‘খালেদা জিয়া জেলে থাকলেও বিএনপি নির্বাচনে যাবেই।’ তিনি কখনও কখনও এমনভাবে কথা বলেন যেন একদিকে তিনি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, আবার অন্যদিকে বিএনপির নীতিনির্ধারক! মাঝে মাঝে তিনি এমন উদ্ভট, অবাস্তব ও বানোয়াট কথা বলেন, তাতে মানুষের কাছে হাসির পাত্র হচ্ছেন, সেদিকে খেয়াল করছেন না।” সড়ক-মহাসড়কের বেহাল অবস্থার মতোই তার বক্তব্য বেসামাল বলেও মন্তব্য করেন বিএনপির এই নেতা।
রুহুল কবির রিজভী বলেন, ‘আমি দলের পক্ষ থেকে সুস্পষ্টভাবে বলে দিতে চাই, খালেদা জিয়া বিএনপির অবিচ্ছেদ্য অংশ, তিনিই দলের নেতাকর্মীদের একমাত্র প্রেরণা। তাকে ছাড়া কোনও নির্বাচন নয়, এটাই এখন জনগণের উচ্চারণ।’
খালেদা জিয়াকে ছাড়া কোনও নির্বাচন এদেশে হবে না বলে হুঁশিয়ারি দিয়ে রিজভী বলেন, ‘মামলা, সাজা দিয়ে হাত-পা বেঁধে যে কোনও চক্রান্তের নির্বাচন করার ষড়যন্ত্র নস্যাৎ হয়ে যাবে।’
সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, ‘আজ গণমাধ্যমে দেখেছেন, জাতিসংঘের পক্ষ থেকে বলা হয়েছে, সব দলের অংশগ্রহণে বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দেখতে চায়। এর আগে ইউরোপীয় ইউনিয়নসহ আন্তর্জাতিক সংস্থাগুলো বলেছে, আগামী নির্বাচন সব দলের অংশগ্রহণে নিরপেক্ষভাবে করতে হবে। কিন্তু নির্বাচন কমিশনের পক্ষ থেকে খালেদা জিয়ার মামলার বিষয়ে কিছুই করার নেই—নির্বাচন কমিশনের এমন বক্তব্যে পরিষ্কার হয়েছে যে তারা সমস্ত ক্ষমতার অধিকারী হলেও প্রধানমন্ত্রীর মনোবাসনা পূরণের কাজ করে যাচ্ছে।’








