সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যের সমালোচনা করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘তিনি (প্রধানমন্ত্রী) গতকাল সংসদে কিছু আপত্তিকর কথা বলেছেন। বিএনপি নাকি দুর্নীতিগ্রস্ত দল। বিএনপি নিয়ে কিছু বলার আগে তাদের নিজেদের মুখ আয়নায় দেখা উচিত। আমাদের কিছু বলার আগে মানুষ আপনাদের সম্পর্কে কী বলে তা দেখতে হবে।’
বৃহস্পতিবার (১ মার্চ) জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে জাতীয় গণতান্ত্রিক অধিকার মঞ্চ আয়োজিত প্রতিবাদ সভায় তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, ‘মেগা প্রজেক্টগুলো থেকে হাজার হাজার কোটি টাকা চুরি করা হচ্ছে, ব্যাংকগুলো থেকে টাকা লুট করা হচ্ছে। দেশের মানুষ জানে কারা দুর্নীতি করছে আর কারা করছে না।’
মির্জা ফখরুল আরও বলেন, ‘খালেদা জিয়ার বিরুদ্ধে ৪টা মামলা দেওয়া হয়েছে। শেখ হাসিনার মামলা ছিল ১৫টি। তিনি তার মামলা তুলে নিয়েছেন। সঙ্গে নেতাকর্মীদের সাড়ে ৭ হাজার মামলাও তুলে নেওয়া হয়েছে। আর আমাদের বিরুদ্ধে মামলার সংখ্যা এখন ৭৮ হাজার। আমাদের আসামির সংখ্যা এক মাস আগেও ছিল ১৮ লাখের ওপর। গোটা দেশের কারাগার বিএনপি কর্মীদের দিয়ে ভরে গেছে। কেন করছে এরকম তারা? কারণ, তারা জানে বিএনপি কর্মীরা মাঠে থাকলে আগামী নির্বাচনে আওয়ামী লীগের কোনও আশা নেই।’
সভায় আরও উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ভাইস চেয়ারম্যান বরকতউল্লাহ বুলু, নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী, নির্বাহী কমিটির সদস্য আবু নাসের রহমতুল্লাহসহ অন্য নেতারা।








