বিএনপি নয়, জনগণ সংকটে আছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, ‘সংকট বিএনপির নয়, জনগণের। আজ জনগণ কোন পথে হাঁটবে? হাজার হাজার মানুষ জীবনের ঝুঁকি নিয়ে সমুদ্র পাড়ি দিচ্ছে। একদিকে আমরা উন্নয়নের কথা শুনছি, অন্য দিকে মানুষ অর্থনৈতিক কারণে সমুদ্রপাড়ি দিচ্ছে। আজ অর্থনৈতিক সুবিধা যাচ্ছে শুধু সরকার দলের নেতাকর্মীদের কাছে।’
শুক্রবার (২ মার্চ) দুপুরে জাতীয় প্রেসক্লাবে খালেদা জিয়া মুক্তি পরিষদের উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় এসব কথা বলেছেন আমির খসরু মাহমুদ চৌধুরী।
তিনি বলেন, ‘আজ নির্বাচনকে সামনে রেখে অবৈধভাবে ক্ষমতায় বসে আছে সরকার। এটা একটা নীলনকশা। আজ প্রত্যেকটি বিদেশি রাষ্ট্রের দূতরা সবাই বলছেন- খালেদা জিয়াকে জেলে নেওয়ার আমরা শঙ্কিত। এই ভাষা তো তাদের (আওয়ামী লীগের) বোঝার ক্ষমতা নেই। তারা তো আওয়ামী লীগের মতো গালিগালাজ করে কথা বলে না।’
আমির খসরু আরও বলেন, ‘নির্বাচনকে সামনে রেখে নাগরিক অধিকার দেওয়া হচ্ছে না। আমরা খালেদা জিয়ার জন্য গণতান্ত্রিক পথ বেছে নিয়েছি। শান্তিপূর্ণ আন্দোলন করছি। কিন্তু আমরা সেই পথেও হাঁটতে পারছি না। নির্বাচনের কথা বলছেন? আজ একজন অনির্বাচিত প্রধানমন্ত্রী নির্বাচনের প্রায় এক বছর আগে পদে থেকেই প্রচারণা চালিয়ে যাচ্ছেন। শুধু জনসভা নয়, তিনি জনগণকে ভোটের শপথ করাচ্ছেন। আর অন্যদের সভা তো নয়ই, মৌন মিছিলও করতে দেওয়া হচ্ছে না। এটা গণতন্ত্রের স্বাধীনতা লঙ্ঘন।’








