আজ শুক্রবার (৩০ মার্চ) সকাল সাড়ে ১০টায় সংবাদ সম্মেলন করবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। বিএনপির চেয়ারপারসনের উইংয়ের সদস্য শায়রুল কবির খান বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেন।
দলটির সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে বিএনপির চেয়ারপারসনের গুলশানের কার্যালয়ে দলটির সিনিয়র নেতা ও আইনজীবীদের নিয়ে বৈঠক করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৈঠকে খালেদা জিয়ার শারীরিক অসুস্থতা এবং দুদকের সাজা বাড়ানোর আবেদনের বিষয়ে আলোচনা করা হয়।
সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল খালেদা জিয়ার অসুস্থতার বিষয়টি তুলে ধরবেন বলে জানা গেছে। গতকাল বৃহস্পতিবার বেলা ৩টায় কারাবন্দী বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দেখা করার কথা ছিল মির্জা ফখরুলের। কিন্তু খালেদা জিয়া অসুস্থ থাকার কারণে দেখা করেননি।
জিয়া অরফানেজ ট্রাস্ট্র দুর্নীতির মামলার রায়ে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ৫ বছর সাজা হয় গত ৮ ফেব্রুয়ারি । ওইদিন বিকাল থেকে নাজিমউদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারে রয়েছেন তিনি।







