বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্তর্জাতিকভাবে স্বৈরতন্ত্রের মালিকের স্বীকৃতি পেয়েছেন। আর গণতন্ত্রের জন্য সংগ্রাম করে খালেদা জিয়া গণতন্ত্রের মালিক হয়েছেন।’
শুক্রবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) ‘দুর্নীতি-দুঃশাসন বিরোধী দিবস’ ও খালেদা জিয়ার মুক্তির দাবিতে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘দেশে আইনের শাসন, বিচার বিভাগ ও মানবাধিকার ভূলুণ্ঠিত। মানুষ ন্যায়বিচার পাচ্ছে না। শাসকের পছন্দের বিচারপতি দিয়ে বিচার বিভাগ চলতে পারে না। বর্তমানে শাসকগোষ্ঠী অন্যায়ভাবে জালিয়াতির মামলা দিয়ে ১৮ কোটি মানুষের নেত্রীকে কারাগারে নিক্ষেপ করেছে। সরকার খালেদা জিয়াকে কারাগারে রেখে একদলীয় শাসন কায়েম করতে যাচ্ছে।’
তিনি আরও বলেন, ‘দুর্নীতির মাধ্যমে সরকার দেশের বড় অঙ্কের টাকা বিদেশে পাচার করেছে। এখন আমানতকারীদের টাকাও ব্যাংক থেকে উধাও হয়ে যাচ্ছে। ১ লাখ টাকা তুলতে গ্রাহকদের সময় লাগে তিন দিন। এটা কেন? একমাত্র সরকারের দুর্নীতি ও লুটপাটের কারণে হয়েছে। সুতরাং জনগণ এখন সরকারকে দুর্নীতির সার্টিফিকেট দিতে প্রস্তুতি নিচ্ছে। বিদায়ও হবে অনিবার্য।’ খালেদা জিয়ার বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে উল্লেখ করে সরকারের প্রতি তিনি বলেন, ‘ষড়যন্ত্রের খেলা বন্ধ করুন, তাকে মুক্তি দিন।’
সভাপতির বক্তব্যে অধ্যাপিকা রেহানা প্রধান বলেন, ‘ষড়যন্ত্র করে খালেদা জিয়াকে কারাগারে রেখে নির্বাচনের ফাঁদ পাতানো হলে জনগণই তা রুখে দেবে।’
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, জাতীয় পার্টি (কাজী জাফর) মহাসচিব মোস্তফা জামাল হায়দার, কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহম্মদ ইবরাহিম, এনপিপির চেয়ারম্যান অ্যাডভোকেট ফরিদুজ্জামান ফরহাদ, জাগপার সাধারণ সম্পাদক খন্দকার লুৎফর রহমান, সহ-সভাপতি ব্যারিস্টার তাসমিয়া প্রধান প্রমুখ।








