গাজীপুর ও খুলনা সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে শনিবার বিকাল পর্যন্ত আওয়ামী লীগের মনোনয়ন পেতে মোট ১৭ জন দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দিয়েছেন। বিকাল সাড়ে পাঁচটায় ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দফতর সম্পাদক আবদুস সোবহান গোলাপ এ তথ্য জানান।
শনিবার গাজীপুর সিটি করপোরশন নির্বাচনে মেয়র পদে মোহাম্মদ শামসুল বারী ফরম সংগ্রহ করেন। আর খুলনা সিটিতে ফরম সংগ্রহ করেন মোহাম্মদ সাইফুল ইসলাম, শহিদুল হক মন্টু, শেখ মোশাররফ হোসেন, শেখ সৈয়দ আলী ও মোহাম্মদ আশরাফুল ইসলাম।
তবে খুলনা সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে আরও কয়েকজন মনোনয়ন ফরম সংগ্রহ করতে পারেন বলে জানান আবদুস সোবহান গোলাপ।
রবিবার (৮ এপ্রিল) সম্ভাব্য সব প্রার্থী আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের মুখোমুখি হবেন।
শুক্রবার (৬ এপ্রিল) পর্যন্ত ১১ জন মনোনয়ন ফরম সংগ্রহ করেন ও জমা দেন দুজন।
শুক্রবার গাজীপুর সিটি করপোরেশনের জন্য মনোনয়ন সংগ্রহ করেন মহানগর আওয়ামী লীগের সভাপতি আজমত উল্লাহ খান, সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর আলম, মহানগর যুবলীগের আহ্বায়ক কামরুল আহসান সরকার রাসেল, মতিউর রহমান, সুমন আহমেদ শান্ত বাবু, কাজী আলিমউদ্দিন, আব্দুর রউফ নয়ন, ওয়াজউদ্দিন মিয়া। এর আগের দিন বৃহস্পতিবার ফরম সংগ্রহ করেন মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম।
খুলনা সিটি করপোরেশনের জন্য ফরম সংগ্রহ করেন মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি কাজী এনায়েত হোসেন ও মহানগর যুবলীগের আহ্বায়ক সরদার আনিছুর রহমান পপলু।
রবিবার সন্ধ্যা সাতটায় গণভবনে স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভায় দুই সিটিতে আগ্রহী প্রার্থীদের সাক্ষাৎকার নেবেন দলীয় সভাপতি ও স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের প্রধান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এছাড়াও এদিন একটি উপজেলা পরিষদ নির্বাচন, দুটি পৌরসভা ও ১৩টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের মনোনয়ন দেওয়া হবে।








